আগমনির আগমন বার্তা ছড়িয়ে পড়েছে চারিদিকে। কাশের দোলায়, শিউলির গন্ধ জানান দিচ্ছে, পুজো এসে গিয়েছে। দুর্গাপুজোর প্রাক্কালে মৈত্রেয়ী পারফর্মিং আর্টসের তরফে আয়োজন করা হল এক মনোমুগ্ধকর অনুষ্ঠান— ‘আগমনি: দ্য ডিভাইন অ্যারাইভাল’। সম্প্রতি মুম্বইয়ের চার্চগেটের জয়হিন্দ কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় এই অনুষ্ঠান। নানা আগমনি গানকে কেন্দ্র করে সাজানো হয়েছিল সমগ্র অনুষ্ঠান। সঙ্গীত ও নৃত্যের অপূর্ব পরিবেশনায় মুগ্ধ হন দর্শক। সংস্কৃত স্ত্রোত্র, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর উপভোগ্য। পাশাপাশি পরিবেশিত হয় দেশের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় নৃত্যের উপস্থাপনা। সবক’টি অনুষ্ঠান প্রতিভাবান মহিলা শিল্পী ও সঙ্গীতশিল্পীদের পরিবেশনায় অনন্য হয়ে ওঠে।



