ভোপাল: সম্প্রতি ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী কুঁয়ার বিজয় শাহ। এবার সেই তালিকায় জুড়ল সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জগদীশ দেবদার নাম। ‘প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে ভারতীয় সেনার মাথা নত করা উচিত’ বলে মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। দেবদার পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। ওই মন্তব্যকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে তারা মধ্যপ্রদেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। যদিও এই ইস্যুতে উপ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ, দেবদার মন্তব্য বিকৃত করা হয়েছে।
শুক্রবার জব্বলপুরে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের একটি প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলেন জগদীশ দেবদা। সেখানেই তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করেছিল জঙ্গিরা। বিষয়টি জানার পর আমার মনে প্রচুর রাগ হয়। স্ত্রী-সন্তানদের সামনে তাঁদের হত্যা করা হয়েছিল। তারপর থেকে দেশ প্রতিশোধ নিতে চেয়েছিল। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। গোটা দেশ, সেনাবাহিনীরও তাঁর কাছে মাথা নত করা উচিত।’ দেবদার এই মন্তব্যের একটি ভিডিও পোস্ট করে কংগ্রেস। তাদের কটাক্ষ, দেশের সেনাবাহিনী সম্পর্কে অত্যন্ত ‘নীচ’ মানসিকতা পোষণ করেছেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী। দেশবাসীর কাছে বিজেপি ও দেবদার ক্ষমা চাওয়া উচিত। বিজেপির মিডিয়া সেলের আশিস আগরওয়ালের অবশ্য জবাব, রাজনৈতিক সুবিধার জন্য জগদীশ দেবদার মন্তব্য বিকৃত করেছে কংগ্রেস।