প্রতিশোধ নিতে পারে বাহিনী, ত্রস্ত লক্ষ্মী কলোনি, বিয়ে-অন্নপ্রাশনেও তোলা দিতে হত আকাশকে!
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: জমি-বাড়ি কেনাবেচায় তো আছেই, বিয়ে কিংবা অন্নপ্রাশনেও তোলা দিতে হত আকাশকে। এবার এমনটাই দাবি করলেন পুরাতন মালদহ পুরসভার লক্ষ্মী কলোনির বাসিন্দারা। তাঁদের দাবি, সময়মতো তোলা না পৌঁছলে মোবাইলে থ্রেট কল চলে অসত। তারপরই এলাকায় বাইকে চক্কর কাটতে শুরু করত আকাশের বাহিনী। 

Advertisement

প্রকাশ্যে পিস্তল দেখিয়ে চলত শাসানি, মারধর। কয়েক ডজন মামলায় অভিযুক্ত আকাশ পুলিশের হাতে পাকড়াও হলেও নিশ্চিন্ত হতে পারছেন না লক্ষ্মী কলোনির বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, আকাশের মস্তানি নিয়ে মুখ খুলেছেন তাঁরা। গ্রেপ্তার হয়েছে আকাশ। এর প্রতিশোধ নিতে পারে আকাশের লোকজন। ফলে এখনও সন্ধ্যার পর লক্ষ্মী কলোনিতে সব বাড়ির সদর দরজায় তালা পড়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে জানালা। বিশেষ করে মহিলারা বাজার-হাটে বের হচ্ছেন না। দিনের বেলায় এলাকার সবাই জোটবদ্ধ হয়ে থাকছেন। বাইকে অচেনা কাউকে দেখলেই সতর্ক হয়ে যাচ্ছেন। সবমিলিয়ে আকাশ বাহিনীর ভয়ে ত্রস্ত গোটা লক্ষ্মী কলোনি। বাসিন্দাদের ভয়ের যে যথেষ্ট কারণ রয়েছে তাতে সিলমোহর দিয়েছেন পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, ১৭ নম্বর ওয়ার্ড ও সাহাপুর পঞ্চায়েতের সীমানায় লক্ষ্মী কলোনি। ওখানে অভিযুক্ত দুষ্কৃতী এর আগেও তাণ্ডব চালিয়েছে। কিছুদিন আগে ৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা আমাকে অভিযোগ করেন, তাঁর এক আত্মীয় রশিলাদহ এলাকায় একটা জমি কিনেছেন। যার জন্য অভিযুক্ত দুষ্কৃতীর লোকজন তাঁর কাছে টাকা দাবি করে। তাছাড়া কয়েক মাস আগে ওই বাহিনী গৌড় কলেজের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে বলে অভিযোগ। এসব নিয়ে সাধারণ মানুষ সবসময় ওই বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে ভয় পেয়েছেন। 
পুলিশ প্রশাসনের উচিত, বিষয়টি একটু কঠোরভাবে দেখা। তবে বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন মালদহের পুলিশ সুপার অনুপম সিং। এদিন দুপুরে লক্ষ্মী কলোনি পৌঁছে দেখা যায়, আকাশ বাহিনীর আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন এলাকার লোকজন। ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। তারই মধ্যে এগিয়ে এসে সেন্টু মণ্ডলের স্ত্রী পার্বতী মণ্ডল বলেন, আকাশের লোকজনের হাতে আমার ছেলেও মার খেয়েছে। আমরা ভয়ে দশ মাস পালিয়ে বেরিয়েছি। তাঁর দাবি, এলাকায় কেউ বাড়ি বা জমি কিনলে আকাশকে তোলা দিতে হবে।
জমি-বাড়ি বিক্রি করলেও টাকা দিতে হবে ওকে। না হলে বিক্রি হবে না। এমনকী কেউ যদি বিয়ে বা অন্নপ্রাশনের অনুষ্ঠান করেন, তাঁকেও টাকা দিতে হবে আকাশ বাহিনীকে। এমনটাই এখানে অলিখিত নিয়ম। কেউ প্রতিবাদ করলেই মোবাইলে থ্রেট কল, মারধর জোটে।