৬ লক্ষ বর্গফুট আয়তন বৃদ্ধি হচ্ছে গঙ্গাসাগর মেলার, বাড়ছে বরাদ্দের পরিমাণ
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বার ১২ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে আয়োজিত হয়েছিল গঙ্গাসাগর মেলা। এবার মেলার আয়তন বাড়িয়ে প্রায় ১৮ লক্ষ বর্গফুট করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সম্প্রতি কাকদ্বীপ গিয়ে গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠক করে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মেলা আন্তর্জাতিক মানের হবে বলে ঘোষণা করেছেন তিনি। সেই অনুযায়ী মেলা আয়োজনের পরিকল্পনা সাজাতে শুরু করেছে সংশ্লিষ্ট সমস্ত দপ্তর। গতবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ১২৫ কোটি টাকার তুলনায় এবছর খরচও আরও বাড়বে। একই সঙ্গে পূর্তদপ্তরের খরচও বাড়ছে বলে খবর নবান্ন সূত্রে। 

Advertisement

আগাগোড়াই এই মেলার মূল দায়িত্বে থাকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। স্বরাষ্ট্র, পূর্ত, স্বাস্থ্যসহ অন্যান্য দপ্তরও কাজ শুরু করেছে। পুণ্যার্থীদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পরিকল্পনা শুরু করেছে পুলিশ- প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের পদস্থ কর্তারা মেলার আয়োজন নিয়ে এক দফা প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন। আর সেই বৈঠকেই মেলার আয়তন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, এবছর আরও বেশি সংখ্যক পুণ্যার্থীর থাকার ব্যবস্থা, বেশি সংখ্যক শৌচাগার, বেশি সংখ্যক দোকানপাট থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো তৈরি করা হবে। জানা গিয়েছে,সাগরের যতটা এলাকায় মেলা বসে, তার আশপাশে ফাঁকা পড়ে থাকা জায়গার অভাব নেই। ফলে আয়তন বাড়াতে  তেমন কোনো সমস্যা নেই বলেই মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।