নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আজ বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে পারেন কাজাখস্তানের রাষ্ট্রদূত ইয়েসকারায়েভ আজামত। মঙ্গলবার বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, এরাজ্যের ভৌগোলিক অবস্থানের কারণে তাঁদের দেশ বাংলার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে আগ্রহী। কারণ, এখান থেকে দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা যায়। এই নিয়েই আজ মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাতের কথা আছে তাঁর। তিনি বলেন, মধ্য এশিয়ার এই দেশটি ভারতীয় রাজনীতিবিদ, শিল্পপতি, শিক্ষাবিদদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরিতে জোর দিচ্ছে। উৎপাদন শিল্প, বিদ্যুৎ, খনি, ওষুধ শিল্প প্রভৃতি ক্ষেত্রে কাজাখস্তান উন্নত এবং এগুলিতেই ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে তারা আগ্রহী। আগামী সেপ্টেম্বরে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল ভারতে আসবে এবং দেশের একাধিক শিল্প সংস্থার সঙ্গে বৈঠক করবে। সেই তালিকায় টাটারাও আছে। জানিয়েছেন কাজাখস্তানের রাষ্ট্রদূত।



