নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমের নানুর থানায় বসে পুলিশের সাহায্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সমর্থনে হলফনামা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক সেই অভিযোগকে সামনে রেখে তৃণমূলের মমতা শিবিরের তরফে শুক্রবার কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।
দল ও জোড়াফুল প্রতীকের আসল দাবিদার কে? বিষয়টি এখন নির্বাচন কমিশনের বিচারাধীন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নিজেদের স্বপক্ষে হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে দুই শিবিরই। এই প্রেক্ষাপটে গত বুধবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সাতদিন খালি দাঁড়ান, জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে এবং থাকবে। ওরা থানায় বসে কিভাবে হলফনামা তৈরি করেছে, তা বড় পর্দায় সবাইকে দেখানো হবে। থানায় বসে হলফনামা পূরণের ভিডিও তাঁদের হাতে রয়েছে বলেও অভিষেক দাবি করেছেন। সেটা সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
সেই সূত্রেই এদিন কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন মমতা তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের নামে অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য এফআইআর গ্রহণের আরজিতে কালীঘাট থানায় অভিযোগ জানানো হয়েছে। যদিও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক অরূপ রায় বলেন, আমাদের দলের কর্মীরাই হলফনামা পূরণ করেছেন। ফলে কালীঘাট শিবির যে অভিযোগ তুলছে, তা ধোপে টিকবে না।
অন্যদিকে, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এমনটাই অভিযোগ তুললেন মমতা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ঋতব্রত এবং আখরুজ্জামান যে পদে ছিলেন, তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। গত ১৮ অক্টোবরের পর আদালত থেকে নতুন কোনো নির্দেশ জারি হয়নি। এই অভিযোগ নিয়ে শনিবার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন শোভনদেববাবু। উল্লেখযোগ্য বিষয় হল রাজ্যের বিরোধী দলনেতা কে? এই ইস্যুতে দায়ের হওয়া মামলার দীর্ঘ শুনানি হয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। অপরদিকে, শোভনদেববাবুর দাবি, অভিযোগ জানাতে গেলে তাঁকে আধ ঘন্টার মতো থানায় বসিয়ে রাখা হয়েছিল। বলা হয়, বিধানসভা সংক্রান্ত বিষয়, স্পিকারের কাছে গিয়ে অভিযোগ জানাতে হবে।
এবিষয়ে পালটা রাজ্যের বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, শোভনদেববাবুর মতো একজন বর্ষিয়ান মানুষকে কালীঘাট থেকে ভুল বোঝানো হচ্ছে। আগে তিনি বিরোধী দলেতা বাছাই সংক্রান্ত চিঠি একবার ভুল দিয়েছিলেন। এবার কোন বিষয়ে থানায় যাচ্ছেন সেই বিষয়টিও তাঁর কাছে স্পষ্ট নয়। আমাদের বিরোধী দলনেতা সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। ফলে যদি আমরা আদালতের নির্দেশ অবমাননা করে থাকি, তাহলে শোভনদেববাবু সরাসরি আদালতেই যেতে পারতেন বা স্পিকারকে জানাতে পারতেন।



