নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে এক নাবালিকা ছাত্রীর বিয়ের প্রস্তুতির খবর ঘিরে শোরগোল ছড়াল রানাঘাটে। প্রশাসনের তৎপরতায় শেষ পর্যন্ত বন্ধ করা গিয়েছে সেই বিয়ের যাবতীয় প্রস্তুতি। রবিবার দুপুরে রানাঘাট-২ ব্লকের নোকারি পঞ্চায়েত এলাকার একটি পরিবারের বাড়িতে চলা বিয়ের প্রস্তুতি থামিয়ে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষ, ব্লক প্রশাসন ও পুলিশের উদ্যোগে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হয়েছে রানাঘাট শহরের এক স্কুলে। রবিবার দুপুরে স্থানীয় সূত্রে খবর আসে, কিশোরীর পরিবার গোপনে বিয়ের প্রস্তুতি শুরু করেছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপরই প্রধান শিক্ষক ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ। তাঁরা পরিবারের সদস্যদের জানান, ১৮ বছরের আগে মেয়ের বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি বোঝানো হয়, পরীক্ষার আগে এমন চাপ পড়লে ওই পড়ুয়ার মানসিক ও শিক্ষার ক্ষতি হতে পারে।