সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ায় উদ্ধার হওয়া ১১টি পূর্ণবয়স্ক উটকে আদালতের নির্দেশে রাজস্থানের ক্যামেল রেসকিউ সেন্টারে পাঠাল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। পাচার হওয়া উটগুলি হলদিয়ার সুতাহাটা ও দুর্গাচক থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিস। জেলার প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগ ও হলদিয়ার পুলিস-প্রশাসনের যৌথ উদ্যোগে উটগুলি রাজস্থান পাঠানো হয়েছে। শুক্রবার রাতভর ক্রেনের সাহায্যে উটগুলি দু’টি ট্রাকে চাপানো হয়। ভোর ৪টে নাগাদ উটবোঝাই ট্রাক দু’টি রাজস্থানের উদ্দেশে রওনা দেয়। একটি পুলিস ভ্যান উটবোঝাই ট্রাক দু’টিকে এসকর্ট করে প্রায় দু’হাজার কিলোমিটার পথ নিয়ে যাবে। ট্রাকে সাদা বালির বেড তৈরি করে তার উপর উটগুলিকে চাপানো হয়েছে। জেলা প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর উত্তমকুমার বিশ্বাস বলেন, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে এধরনের অভিজ্ঞতা প্রথম। তার উপর একসঙ্গে এতগুলি উটকে উদ্ধার করে তাদের পাঠানো রীতিমতো কঠিন কাজ। উত্তরবঙ্গের জেলাগুলিতে এধরনের ঘটনা ঘটে। সেজন্য কোচবিহার থেকে ‘ক্যামেল হ্যান্ডলার’দের আনা হয়েছিল। একটি স্বেচ্ছাসেবী সংগঠনও সহযোগিতা করেছে। দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, সেজন্য উটের ওই ট্রাকের সঙ্গে প্রাণি চিকিৎসকও পাঠানো হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ছোলা, গুড় ও অন্যান্য শুকনো প্রাণিখাদ্য। উটের ওই কনভয়ের সঙ্গে রয়েছেন সুতাহাটা থানার একজন পুলিস আধিকারিক এবং দু’জন কনস্টেবল।



