Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তহবিলের টাকায় কাজে বাধা দিচ্ছে তৃণমূল, অনশনের হুমকি শঙ্করের

তহবিলের টাকায় কাজে বাধা দিচ্ছে তৃণমূল, অনশনের হুমকি শঙ্করের
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা উন্নয়ন খাতে দিতে চাইলেও রাজনৈতিক উদ্দেশ্যে বাধা দিচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভা ও উন্নয়ন পর্ষদ। এমনই অভিযোগ তুলে জানুয়ারি মাস থেকে অনশনে বসার হুমকি দিলেন শিলিগুড়ির  বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর দাবি, সমস্ত বিষয় জানিয়ে বিধানসভার অন্দরে স্পিকারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা চিফহুইপ শঙ্কর ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তোলেন বিধায়ক। যদিও শঙ্কর ঘোষ নিয়ম না মেনে এসব দাবি করছেন বলে পালটা আক্রমণ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শঙ্কর বলেন, সমস্ত বিষয় জানিয়ে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় স্পিকারের উপস্থিতিতে চিঠি দিয়েছি। আমি জানি না শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদ বা জেলাশাসক কেন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচে ইচ্ছুক নন। এরই প্রতিবাদে জানুয়ারি মাসে মেয়রকে আবার চিঠি দেব। তাতেও কাজ না হলে শিলিগুড়ি, নবান্ন কিংবা রাজভবনের সামনে অনশনে বসব। গৌতম দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিধায়ক নিয়ম না জেনে কথা বললে কিছু করার নেই। এর আগেও তিনি পুর কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন। পুর কমিশনার তাঁকে জানিয়েছেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকার ব্যাপারে নোডাল অফিসার জেলাশাসক। তিনি জেলাশাসককে প্রস্তাব পাঠালেই সেইমতো কাজ হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ