Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অ্যাপেই মুশকিল আসান, উন্নয়নের কাজে কোনও ত্রুটি পেলে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

অ্যাপেই মুশকিল আসান, উন্নয়নের কাজে কোনও ত্রুটি পেলে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সরকারি টাকায় কোনও কাজের মান খারাপ হলে  ধরছে ‘ফিল্ড ইন্সপেকশন অ্যাপ’। বরাদ্দ হওয়া টাকায় রাস্তা সংস্কারের বা স্কুল বিল্ডিং তৈরির কাজ ঠিকমতো হচ্ছে কি না সেসব কিছুর উপর এই অ্যাপের মাধ্যমেই নবান্নের আধিকারিকরা নজর রাখছেন। কাজ খারাপ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আবার কোথাও নতুন করে কোনও কাজ করার দরকার হলে সেই পরামর্শও অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জেলাতেই এই অ্যাপ সক্রিয় করা হয়েছে। সরকারি আধিকারিক বা কর্মীরা নিয়মিত জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ পরিদর্শন করছেন। পঞ্চদশ অর্থ কমিশন থেকে পঞ্চম অর্থ কমিশন সব প্রকল্পের কাজ পরিদর্শন করার সময় তারা এই অ্যাপে ছবি তুলছে। কাজের বিবরণও নথিভুক্ত করা হচ্ছে। সরকারি গাইডলাইন মেনে কাজ হচ্ছে কি না তা শীর্ষ আধিকারিকরা জেলা বা রাজ্যে বসে পরিদর্শন করতে পারছেন। শুধু পূর্ব বর্ধমান জেলায় প্রায় ৫০ হাজার কাজের ফিল্ড ভেরিফিকেশন হয়েছে। বেশকিছু কাজের খুঁত ধরে সমস্যার সমাধান করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও একইভাবে আধিকারিকরা এলাকায় গিয়ে কাজ দেখছেন। এক আধিকারিক বলেন, এই অ্যাপ চালু হওয়ায় একাধিক সুবিধা হয়েছে। কাজ করার সময় নির্দিষ্ট সংস্থা অনিয়ম করতে ভয় পাচ্ছে। কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও সচেতন হয়েছে। কোথাও কাজ খারাপ হলে তাঁদের কৈফয়ত দিতে হচ্ছে। নিয়ম করে আধিকারিকরা প্রতিটি পঞ্চায়েত বা ব্লকে ঘুরছেন। প্রয়োজনে কোনও কোনও কাজ একাধিকবার পরিদর্শন করা হচ্ছে। কোনও গ্রামে ঘোরার সময় স্থানীয়রা তাঁদের দাবি জানান। কোথাও ড্রেন আবার কোথাও রাস্তা তৈরির দাবিতে তাঁরা সরব হন। এই কাজের গুরুত্ব রয়েছে কি না তা দেখার জন্য সরকারি কর্মীরা অ্যাপে ছবি আপলোড করছেন। শীর্ষস্তরের আধিকারিকরা বিষয়টি পর্যলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। ব্লকের আধিকারিকরা বা কর্মীদের পাশাপাশি এসডিও, অতিরিক্ত জেলাশাসক বা জেলাশাসকরাও এলাকায় গিয়ে কাজ পরিদর্শন করছেন। সবার মোবাইলেই এই অ্যাপ ডাউনলোড রয়েছে। আধিকারিকদের দাবি, আগে রাস্তা সংস্কারের কাজের মান নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসত। এখন কোথাও রাস্তা সংস্কারের আগে এবং পরের ছবি অ্যাপে আপলোড করতে হয়। দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। কাজের মান খারাপ হলে ঠিকাদারের টাকা আটকে দেওয়া হতে পারে। ফিল্ড ইন্সপেকশন অ্যাপে সমস্ত কাজের খুঁটিনাটি লিপিবিদ্ধ করা হয়েছে। বিভিন্নস্তরের আধিকারিকরা কাজের উপর নজর রাখায় অনিয়ম ধরতে সমস্যা হচ্ছে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ