সংবাদদাতা, বেলদা: আন্তর্জাতিক নারী দিবস পালনের পাশাপাশি দাঁতন মানবকল্যাণ কেন্দ্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আবক্ষ মূর্তি ও ভারতমাতার মূর্তি উন্মোচন করা হল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী মায়াধীশানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন নাবার্ডের আধিকারিক আকাশকুমার শর্মা, দাঁতন ভট্টর কলেজের অধ্যাপিকা পারমিতা চৌধুরী, কেন্দ্রের সভাপতি তপনকুমার ত্রিপাঠী সহ বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের প্রায় ৬৫ জন মহিলা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সাতজনকে কর্মস্থলে দৃষ্টান্ত স্থাপনের জন্য সম্মান জানানো হয়। তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।



