Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রস্তুত হবে ঠাকুর মদনমোহনের নতুন রথ

জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রস্তুত হবে ঠাকুর মদনমোহনের নতুন রথ
  • ১১ মে, ২০২৫ ১২:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের নতুন রথ নির্মাণের কাজ জোরকদমে চলছে। আগামী জুন মাসের ২৭ তারিখ রথযাত্রা। তাই জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেই রথ নির্মাণের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারজন্য কয়েক মাস আগেই কাজ শুরু করা হয়েছে। এজন্য উত্তরবঙ্গের বনাঞ্চল ঘুরে শাল ও সেগুন কাঠ সংগ্রহ করা হয়েছিল। সেই কাঠ দিয়েই এখন গুঞ্জবাড়ির মন্দিরে রথ নির্মাণের কাজ চলছে।

Advertisement

২২ ফুট উঁচু যে রথে চেপে মদনমোহন প্রতিবছর মাসির বাড়ি যেতেন সেই রথটি অনেক পুরনো হয়ে গিয়েছিল। প্রতিবছরই রথের আগে সেটি সারিয়ে নিতে হতো। তারপর রথে যেতেন মদনমোহন। সেই কারণে পাঁচ লক্ষ টাকা খরচ করে নতুন রথ নির্মাণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল দেবত্তোর ট্রাস্ট বোর্ড। নতুন রথটিও ২২ ফুট উঁচু হবে। এছাড়াও দীর্ঘ্য ও প্রস্থ হবে ১২ ফুট করে। সেই কাজই চলছে এখন জোরকদমে।

কোচবিহারের মদনমোহন মন্দিরের কর্মী জয়ন্ত চক্রবর্তী বলেন, রথ নির্মাণের কাজ নির্দিষ্ট পদ্ধতি মেনে শুরু হয়েছে। আরও কিছু কাঠ দরকার। সেই কাঠ বনদপ্তরের কাছে চাওয়া হয়েছে। পাঁচ লক্ষ টাকা বাজেট ধরে রথ নির্মাণের কাজ চলছে। জুন মাসের ১০-১২ তারিখের মধ্যে রথের কাজ শেষ করার টার্গেট রাখা হয়েছে।

নতুন রথটি বানাতে ১৮০ ঘনফুট শাল লাগবে। সেই কাঠ চলে এসেছে। সেগুন কাঠ দরকার ৩০ ঘনফুট। এরমধ্যে ১৫ ঘনফুট কাঠ আগেই এসেছে। আরও ১৫ ঘনফুট সেগুন কাঠ প্রয়োজন। যা আনার জন্য বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে ট্রাস্টি বোর্ড। রথ নির্মাণের জন্য কাঠ নিয়ে আসার পর শ্রীশ্রী আনন্দময়ী ধর্মশালায় রথ নির্মাণের উদ্যোগ প্রথমে নেওয়া হয়েছিল। পরে সেখানকার গেট দিয়ে এত বড় রথ বের হবে না বলে গুঞ্জবাড়িতে রথ নির্মাণের কাজ শুরু হয়। সেই কাজ চলছে এখন। 
- নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ