নয়াদিল্লি: শত্রুপক্ষের ড্রোনের ঝাঁক মোকাবিলায় আরও এক ধাপ এগল ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ধ্বংসকারী প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভার্গবাস্ত্র’-এর পরীক্ষা সফল হয়েছে। রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষামূলক উৎক্ষেপণ চলে।
একসঙ্গে একাধিক ড্রোন শনাক্ত করে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ব্যবস্থার। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড (এসডিএএল)। এটি ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি দুই স্তরবিশিষ্ট যানবাহনভিত্তিক ড্রোন প্রতিরোধী ব্যবস্থা। এর প্রথম স্তরে রয়েছে এয়ার ডিফেন্স রকেট ও দ্বিতীয় স্তরে রয়েছে উন্নত প্রযুক্তির গাইডেড মাইক্রো-মিসাইল। ভারতীয় সেনার প্রয়োজনের কথা মাথায় রেখে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ২০২৪ সালের ৯ জুলাই এই ব্যবস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল।



