নয়াদিল্লি: পায়ের চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ। দুই টেস্টের সিরিজে তিনি শুভমান গিলের ডেপুটিও। ঘোষিত ১৫ জনের স্কোয়াডে ফিরেছেন পেসার আকাশদীপও। তবে মহম্মদ সামির জায়গা হয়নি ঘোষিত দলে। রনজির প্রথম দুই ম্যাচে বাংলার হয়ে মোট ১৫ উইকেট পেলেও শিকে ছিঁড়ল না তাঁর। যদিও ফিটনেস নিয়ে যাবতীয় সংশয়ের জবাব তাঁর পারফরম্যান্সেই রয়েছে।
সদ্য দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন পন্থ। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে আসে ৯০ রান। পন্থের ব্যাটে ভর দিয়েই ২৭৫ রান তাড়া করে জেতে ভারত ‘এ’। তাঁর টেস্ট দলে আসা প্রত্যাশিতই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে থাকা জগদীশনের স্থলাভিষিক্ত হলেন পন্থ। ক্যারিবিয়ান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণাও। সেই জায়গাতেই এসেছেন আকাশদীপ।
টেস্ট দলের ক্যাপ্টেন শুভমান গিল, যশপ্রীত বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজ খেলছেন। তাঁরা ৮ নভেম্বর ফিরছেন। কুলদীপ যাদবকে আবার টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য টি-২০ স্কোয়াড থেকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারত ‘এ’-র হয়ে খেলবেন চায়নাম্যান স্পিনার।
ভারতে দুটো টেস্টের সিরিজ খেলবে প্রোটিয়ারা। তেম্বা বাভুমা বাহিনী ইডেনে ১৪ নভেম্বর প্রথম টেস্টে নামবে। পরের টেস্ট গুয়াহাটিতে ২২ নভেম্বর। এদিনই ঘোষিত হয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারত ‘এ’ স্কোয়াড। দলের নেতৃত্বে আছেন তিলক ভার্মা। অনেকের ধারণা ছিল, ‘এ’ দলের হয়ে খেলে নিজেদের ঝালিয়ে নেবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু দলে তাঁদের রাখা হয়নি।
ভারতের টেস্ট স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাদিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশদীপ।