Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘোষিত ইংল্যান্ড সফরের টেস্ট দল, জায়গা হল না সামি-সরফরাজের, নেতৃত্বে গিলই, স্কোয়াডে সুদর্শন-করুণ

ঘোষিত ইংল্যান্ড সফরের টেস্ট দল, জায়গা হল না সামি-সরফরাজের, নেতৃত্বে গিলই, স্কোয়াডে সুদর্শন-করুণ
  • ২৫ মে, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

মুম্বই: প্রত্যাশামতোই ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক ঘোষিত হলেন শুভমান গিল। পাঁচ টেস্টের সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন ২৫ বছর বয়সি। ভারতের কমবয়সি টেস্ট ক্যাপ্টেনের তালিকায় মনসুর আলি খান পতৌদি, শচীন তেন্ডুলকর, কপিল দেব ও রবি শাস্ত্রীর পরই গিল। তাঁর ডেপুটি হয়েছেন ঋষভ পন্থ। ঘোষিত ১৮ জনের টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি মহম্মদ সামির। এছাড়া বাদ পড়েছেন গত অস্ট্রেলিয়া সফরের দলে থাকা হর্ষিত রানা ও সরফরাজ খান।

Advertisement

রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিপ্রেক্ষিতে এই দল নির্বাচন নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল চরমে। অজিত আগরকরের নেতৃত্বে জাতীয় নির্বাচকরা দুই মহাতারকার অনুপস্থিতিতে কাদের উপর ভরসা করতে চাইছেন, তা নিয়ে চলছিল চর্চা। দল ঘোষণার পর পরিষ্কার, বেন স্টোকসদের বিরুদ্ধে এই সিরিজ হতে চলেছে আগামীর লক্ষ্যে এগনোর প্রথম ধাপ। অবশ্য একেবারে আনকোরা দলও পাঠানো হচ্ছে না। রোহিত-বিরাটের অবর্তমানে দলে অভিজ্ঞতা জোগানের লক্ষ্যে প্রায় আট বছর পর ফেরানো হয়েছে করুণ নায়ারকে। ৩৩ বছর বয়সি ডানহাতি ব্যাটার শেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালের মার্চে। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ধারাবাহিকতার পুরস্কার পেলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে টেস্টে তাঁর ট্রিপল সেঞ্চুরি। সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই পাঁচদিনের ফরম্যাটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে করুণের। তাঁর মতোই টেস্টের আসরে কামব্যাক করছেন শার্দূল ঠাকুর। ঘরোয়া ক্রিকেটে তিনিও কেড়েছেন নজর।
নবীনের তালিকায় উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি সাই সুদর্শন। এছাড়া তৃতীয় ওপেনার হিসেবে দলে আছেন অভিমন্যু ঈশ্বরন। ধ্রুব জুরেল যথারীতি দ্বিতীয় কিপার। ওপেনিংয়ে নামার কথা লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালের। আভাস যা মিলছে, তাতে তিন নম্বরে সুদর্শনের কথাই ভাবা হচ্ছে। এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছেন বাঁ-হাতি। সেক্ষেত্রে চার নম্বরে নেমে আসবেন ক্যাপ্টেন গিল। পাঁচে ঋষভ পন্থ। ছয়ে করুণ নায়ার। 
চারজন অলরাউন্ডারকে রাখা হয়েছে স্কোয়াডে। তারমধ্যে দুজন স্পিনার-রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। দুই পেস অলরাউন্ডার হলেন নীতীশ রেড্ডি এবং শার্দূল ঠাকুর। অবশ্য নীতীশের বোলিং বেশ দুর্বল। তুলনায় টেমসের পাড়ে সুইংয়ে বিপক্ষ ব্যাটারকে বিব্রত করতে পারেন ‘লর্ড’ শার্দূল। এছাড়া পাঁচজন বিশেষজ্ঞ পেসার রয়েছেন দলে। যশপ্রীত বুমরাহ অবশ্য পাঁচটা টেস্ট খেলবেন না বলেই জানানো হয়েছে। সেজন্যই অধিনায়ক হিসেবে ভাবা হয়নি ‘বুমবুম’কে। বাকি পেসাররা হলেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ ও অর্শদীপ সিং। এরমধ্যে অর্শদীপ বাঁ-হাতি, ভালো সুইং রয়েছে, কাউন্টি ক্রিকেটেও খেলেছেন। মহম্মদ সামির না থাকা অবশ্য ভোগাতে পারে। তিনি এখনও টেস্ট ক্রিকেটের জন্য ফিট নন, এমনই রিপোর্ট পেয়েছেন নির্বাচকরা। দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হলেন কুলদীপ যাদব।
ভারতের টেস্ট দল: শুভমান গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং ও কুলদীপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ