মুম্বই: মহারাষ্ট্রের ব্যবসায়ীকে ১ কোটি টাকার প্রতারণা ‘টেসলা’র! তবে এর সঙ্গে মার্কিন ধনকুবের এলন মাস্কের কোনো যোগাযোগ নেই। অভিযুক্ত সংস্থাটি গুরুগ্রামের। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অতুল নারায়ণ পায়গভন নামের প্রতারিত ওই ব্যবসায়ী। ‘টেসলা’র দুই ম্যানেজিং ডিরেক্টর কবিন্দর খুরানা ও ভৃতিকা খুরানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ২০২১ সালে অতুলের সংস্থা ‘টেসলা’ নামের ওই সংস্থার সঙ্গে পার্টনারশিপ শুরু করেন। মহারাষ্ট্র ও গোয়ায় ব্যাটারি, ইনভার্টার, সোলার প্যানেলের ব্যবসা করত সংস্থাটি। চুক্তিমতো সিকিউরিটি ডিপোজিট বাবদ ওই সংস্থাকে ১ কোটি টাকা জমা দেন অতুল। ঠিক হয়েছিল, রিটার্ন হিসাবে অতুলকে ৬ শতাংশ লভ্যাংশ দেবে ‘টেসলা’। বিক্রির উপর কমিশন বাবদ দেবে আরও ৩.৭৫ শতাংশ।
বছর দেড়েক চলার পর ব্যবসা যথেষ্ট ভালো না হওয়ায় ২০২৪ সালে পার্টনারশিপ শেষ করার সিদ্ধান্ত নেন তাঁরা। ব্যবসায়ীর অভিযোগ, সিকিওরিটি ডিপোজিট বাবদ জমা দেওয়া টাকা ফেরতের আশ্বাস দিয়েছিল টেসলা। সেই মতো সিকিওরিটি ডিপোজিট ও স্টক ফেরত বাবদ অতুলের ফেরত পাওয়ার কথা ছিল ১ কোটি ২২ লক্ষ টাকারও বেশি। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে ‘টেসলা পাওয়া ইউএসএ’ থেকে নাম বদল করে ‘টেসলা পাওয়ার ইন্ডিয়া লিমিটেড’ হয়ে গিয়েছিল ওই সংস্থা। যাতে আইনি জটিলতা না পোহাতে হয়, তাই এই নাম পরিবর্তন করা হয়েছিল।



