Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সন্ত্রাসবাদ ‘পাগলা কুকুর’ আর পাকিস্তান তার ‘বন্য প্রশিক্ষক’, টোকিওয় তোপ অভিষেকের

সন্ত্রাসবাদ ‘পাগলা কুকুর’ আর পাকিস্তান তার ‘বন্য প্রশিক্ষক’, টোকিওয় তোপ অভিষেকের
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টোকিও: সন্ত্রাসবাদ ‘পাগলা কুকুর’। পাকিস্তান হল তার ‘বন্য প্রশিক্ষক’। এর মোকাবিলায় গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। নাহলে পাকিস্তান আরও অসংখ্য ‘পাগলা কুকুরের’ জন্ম দিতে থাকবে। শনিবার টোকিওর মাটি থেকে এভাবেই পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সীমান্তপারের সন্ত্রাস নিয়ে বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিতে দেশে দেশে প্রচারে নেমেছে ভারতের সর্বদলীয় টিমগুলি। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে তেমনই একটি টিমের সদস্য হিসেবে জাপানে এসেছেন অভিষেক। এদিন পাকিস্তানকে তুলোধোনা করে তিনি বলেন, ‘সত্যিটা সবার সামনে তুলে ধরতে আমরা এখানে এসেছি। ভারত মাথা নোয়াবে না। আমাদের ভয় দেখিয়ে নতজানু করা যাবে না। পাকিস্তান যে ভাষা বোঝে, আমরা সেই ভাষাতেই জবাব দিতে জানি।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ভারত সবসময় দায়িত্বশীল রাষ্ট্র হিসেবেই নিজেদের ভূমিকা পালন করবে। পাকিস্তানের মতো আমরা নিরীহ সাধারণ মানুষকে নিশানা বানাই না। আমাদের প্রত্যাঘাতের নিশানায় শুধুমাত্র সন্ত্রাসবাদীরাই। উত্তেজনা বাড়ানো ভারতের লক্ষ্য নয়।’ পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদীদের যে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, এদিন অভিষেকের ভাষণে সেই দিকটিও উঠে এসেছে। তৃণমূলের এই সাংসদ বলেন, ‘পহেলগাঁও হামলার ২৪ ঘণ্টার মধ্যেই টিআরএফ নামে একটি সন্ত্রাসবাদী সংগঠন দায় স্বীকার করে নেয়। টিআরএফ মূলত লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন। লস্করকে রাষ্ট্রসঙ্ঘ সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে। আমরা জানি পাকিস্তান কীভাবে তড়িঘড়ি লস্কর-ই-তোইবাকে এই তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল। এমনকী এয়ার স্ট্রাইকের পর প্রকাশ্যে পাকিস্তানি সেনার কর্তারা নিহত জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন। সেইসব ছবিও প্রকাশ্যে এসেছে।’ অভিষেক আরও বলেন, ‘সব কিছুই সবার সামনে রয়েছে। ফুটেজ মিথ্যা বলে না। এই বার্তা তুলে ধরার কাজে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতার প্রচারে সব ভারতবাসীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমি বিশ্বাস করি।’ অনাবাসী ভারতীয়দের দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ বলে উল্লেখ করে এদিন গুরুত্বপূর্ণ বার্তা দেন অভিষেক। তিনি বলেন, ‘আপনাদের মধ্যেও ভারত বাস করে। তাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা বেশি। আমি চাই আপনারা দেশের প্রধান প্রচারক হন — সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। আপনারাই আমাদের প্রকৃত সম্পদ ও বিশ্বদূত। আমরা অনুরোধ করছি, এই বিষয়ে আপনাদের এলাকায়, সামাজিক মাধ্যমে এবং স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে সচেতনতা গড়ে তুলুন। আমরা কিছু ছবি প্রকাশ করব যাতে পাকিস্তানের আসল চেহারা প্রকাশ পায়। আপনারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ছবিগুলি ছড়িয়ে দিন। দেখান, যে ভারত কীভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ