ব্যাংকক, ৭ আগস্ট: আজ সকালে ঘটে গেল এক ভয়াবহ কাণ্ড। ক্লাস শুরু হওয়ার পর আচমকাই বন্দুক বের করে পড়ুয়া এবং শিক্ষকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক নাবালক। এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬ জনের এবং আহত হয়েছেন প্রায় ১৫ জন। ঘটনাটি ঘটেছে নন্থাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই এলাকার দেবসিরিন স্কুলে। এই ঘটনায় আতঙ্কিত গোটা স্কুলের পড়ুয়া সহ শিক্ষক ও শিক্ষিকারা।
জানা গিয়েছে, নিত্যদিনের মতোই আজ সকালেও একইভাবে ক্লাস শুরু হয়েছিল ওই স্কুলে। কিন্তু এদিন ক্লাস শুরু হওয়ার পরেই আচমকাই গুলির শব্দ শোনা যায়। নবম শ্রেনীর এক ছাত্র হঠাৎ করেই বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। এরপর প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি লেগে যায় গোটা স্কুলের ভিতর। এই পরিস্থিতি সামাল দিতে এক শিক্ষক এগিয়ে আসেন। তাঁকেও গুলি করা হয় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই হামলার পর অভিযুক্ত নাবালক আত্মঘাতী হয় বলে জানায় পুলিশ। পাশাপাশি হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। পুলিশ প্রাথমিক তদন্তের পর আরও জানতে পারে যে অভিযুক্ত তার দাদুর বন্দুক নিয়ে এসেছিল স্কুলে। আসার আগে বাড়িতে সে তাঁর দাদু আর দিদাকে হত্যা করেছিল। কিন্তু কী কারণে এই ঘটনাটি ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।