ভারতের পথে হাঁটুক আমেরিকা! ফেডের সুদের নীতি নিয়ে সরব প্রেসিডেন্ট ট্রাম্প
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৯:৩৬
Prefer us on Google

ওয়াশিংটন, ২১ নভেম্বর: বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকার আর্থিক নীতি নিয়ে ফের সরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের অর্থনীতি যখন ভালোর পথে, তখন সুদের হার বাড়িয়ে ফেডারেল রিজার্ভ (ফেড) কার্যত আমেরিকার বৃদ্ধির পথেই বাধা তৈরি করছে বলে অভিযোগ তাঁর। এমনকী, সুদের হার কমানো হলে মার্কিন জিডিপি বৃদ্ধির হার ১৫ থেকে ২০ শতাংশে পৌঁছে যেতে পারে বলেও দাবি করেছেন তিনি। নিজের বক্তব্যের স্বপক্ষে উদাহরণ হিসেবে টেনে এনেছেন ভারতের অর্থনীতিকে। তাঁর কথায়, ভারত যেখানে তুলনামূলক কম সুদের হার বজায় রেখেও ৭ শতাংশের কাছাকাছি আর্থিক বৃদ্ধি ধরে রেখেছে, সেখানে আমেরিকার বৃদ্ধির হার আরও অনেক বেশি হওয়া উচিত।

Advertisement

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কড়া সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, আমেরিকার অর্থনীতি যখন ভালো ফল করছে, তখনই সুদের হার বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে ফেডের। অর্থনীতির পরিসংখ্যান ভালো হলে দেশের ঋণ নেওয়ার সক্ষমতা ও আর্থিক বিশ্বাসযোগ্যতা বাড়ে। ফলে সেই পরিস্থিতিতে সুদের হার কমানোই যুক্তিযুক্ত। অথচ ফেড ঠিক তার উলটো পথে হাঁটছে। এর ফলে দেশের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা বাধাপ্রাপ্ত হচ্ছে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, সুদের হার কম থাকলে আমেরিকার জিডিপি বৃদ্ধির হার বর্তমানের প্রায় ৪ শতাংশের জায়গায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারত। শুধু তাই নয়, দ্রুত ঋণের বোঝা কমিয়ে ফেলাও সম্ভব হত।

নিজের বক্তব্যে ভারতের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর মতে, ভারত তুলনামূলক কম সুদের হার বজায় রেখেও দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি অর্জন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার সুদের হার আরও কম হওয়া উচিত। এমনকী, ভারতের মতো আর্থিক বৃদ্ধির হার অর্জন করার পাশাপাশি তার দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আমেরিকার, এমনটাই দাবি তাঁর।