ঢাকা: পাসপোর্ট দিতে নারাজ। প্রত্যর্পণের দাবিতেই অনড় বাংলাদেশ সরকার। সেইমতো শুরু থেকে ঘুঁটি সাজাচ্ছে ঢাকা। সাম্প্রতিক কার্যকলাপও সেদিকেই ইঙ্গিত করছে। পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে হাসিনার তরফে দ্বিতীয়বার আবেদনের খবর সামনে আসতে সরব হল আওয়ামি লিগ নেতৃত্বের একাংশ। তাঁদের বক্তব্য, হাসিনার দেশে ফেরার পথে ভারত বাধা দিচ্ছে না। বরং কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। প্রত্যর্পণ করিয়ে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়াই ওদের লক্ষ্য।গত ৯ নভেম্বর লন্ডন ভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে পাসপোর্টের আবেদন জানিয়েছিল। সেখানে হাসিনার অনুমোদন সংক্রান্ত নথি না থাকায় প্রশ্ন তোলে বাংলাদেশ কর্তৃপক্ষ। এরপর বৃহস্পতিবার ১৯ নভেম্বর তাঁর স্বাক্ষরিত অনুমতিপত্র সহ দ্বিতীয়বার আবেদন জমা দেওয়া হয়েছে। কিন্তু তারও ইতিবাচক উত্তর মেলেনি।
এদিকে বাংলাদেশ হিংসার ঘটনা জারি রয়েছে। সিলেটে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবীরের বাড়িতে আগুন লাগানো হয়েছে। নোয়াখালির চৌমুহনীতে নিষিদ্ধ যুব লিগ ও ছাত্র লিগের নেতা-কর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা করা হয়েছে। গোপালগঞ্জ, সিলেট, লক্ষ্মীপুর, গাজিপুর থেকে নারায়ণগঞ্জ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৩ জেলায় হিংসা ছড়িয়ে পড়েছে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
এরইমাঝে হাসিনার দল আওয়ামি লিগকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম লালমণির হাটের এক জনসভায় তিনি বলেন, ‘বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে আওয়ামি লিগের সমর্থকরা। আগুন লাগিয়ে, মানুষ খুন করে দেশজুড়ে অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যথেষ্ট হয়েছে। আর না। আম জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। যারা সন্ত্রাসবাদ, গণহত্যা, ভোট রিগিংয়ের রাজনীতি ফেরাতে চাইছে, তাদের যোগ্য জবাব দিতে হবে।’



