রবিবার দু’দিনের ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমান্ডু: দু’দিনের সফরে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আগামী কাল, রবিবার নয়াদিল্লিতে নামবে তাঁর বিমান। এই সফরে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছে নেপালের বিদেশ মন্ত্রক। গত ২৭ মার্চ ক্ষমতায় বসার পর এই প্রথম দ্বিপাক্ষিক সফরে আসছেন বালেন্দ্র। এর আগে নেপালের প্রধানমন্ত্রী সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে যোগ দিয়েছিলেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেপালের বিদেশসচিব অমৃত বাহাদুর রাই জানান, প্রধানমন্ত্রীর বালেন্দ্র শাহের সঙ্গে থাকবে ৩৪ সদস্যের দল। সেই দলে থাকবেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, বিদেশমন্ত্রী শিশির খানাল, মুখ্য উপদেষ্টা পিএম কুমার বায়ানজানকার সহ একাধিক শীর্ষ আধিকারিক। এই সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন বালেন্দ্র। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করা হবে। নেপালের অলিখিত রীতি হল, মসনদে বসার পরেই প্রধানমন্ত্রী 

Advertisement

সবার প্রথমে ভারত সফরে আসেন। ২০২৪ সালে সেই প্রথায় ছেদ টানেন প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। নেপালে জেন জি বিক্ষোভের পর ভোটে জিতে ক্ষমতায় আসেন বালেন্দ্র। তখনই তাঁকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন নেপালের প্রধানমন্ত্রী।