Bartaman Logo
১০ জুন, ২০২৬

জঙ্গি সমর্থকদেরও সাজা দেওয়া হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

জঙ্গি সমর্থকদেরও সাজা দেওয়া হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যারা জঙ্গিদের সমর্থক, তাদেরও জবাব দেওয়া হবে। এবার নাম না করে পাকিস্তানের বিরুদ্ধেই হুমকি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, এই নিরীহ ভারতবাসীর রক্ত বৃথা যাবে না। জঙ্গি ও তাদের পিছনে থাকা চক্রান্তকারীদের কঠোর সাজা দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বলেছিলেন, শীঘ্রই অপরাধীরা সাজা পাবে। বিহারের মধুবনীতে সরকারি অনুষ্ঠানে মোদি বলেছিলেন, যারা নির্দোষ মানুষকে হত্যা করেছে, তাদের চরমতম সাজা হবে। চক্রান্তকারীদেরও রেহাই দেওয়া হবে না। মোদির বক্তব্য ছিল, এমন সাজা দেওয়া হবে, যা এই অপরাধীরা কল্পনাও করতে পারছে না। এবার সন্ত্রাসের শিকড় উপড়ে দিতে হবে। আর শনিবার প্রধানমন্ত্রী স্পষ্টই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানকে। তিনি বলেছেন, জঙ্গি ও তাদের প্রধান সমর্থকদের বিরুদ্ধে ভারত কঠোরতম ব্যবস্থা নেবে। ভারত সফররত  অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাস মানব সভ্যতার সবথেকে বড় বিপদ। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা এবং সন্ত্রাসের প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। পহেলগাঁওয়ে যারা ওই জঘন্য গণহত্যা ঘটিয়েছে সেই দোষীদের এবং জঙ্গিদের সমর্থকের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে বিরোধীরা বলছেন, তারা এই ঘটনায় সরকারের সঙ্গে আছে, সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই সমর্থন করা হবে। আবার প্রশ্নও তোলা হচ্ছে যে, এখনও সরকার বিলম্ব করছে কেন? কংগ্রেস দফায় দফায় বলছে, মোদি সরকার আর কবে ব্যবস্থা নেবে। শনিবার প্রধানমন্ত্রী মোদির বাসভবনে গিয়ে দেখা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পরিস্থিতি নিয়ে দু’জনের কথা হয়। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত প্রশ্ন তোলেন, মোদিজি কখনও বিহারে যাচ্ছেন, কখনও মুম্বইয়ে বিনোদন জগতের সম্মেলনে হাজির হচ্ছেন, কখনও কেরলে সরকারি অনুষ্ঠান করছেন। কিন্তু তাঁর শরীরী ভঙ্গিতে মনে হচ্ছে না যে, তিনি পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম কোনও ব্যবস্থা নেবেন। অন্যদিকে বিরোধীদের এই সন্দেহ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র বলেন, কংগ্রেস সহ বিরোধীদের একাংশ সর্বদাই ভারত বিরোধীদের সুরেই কথা বলে। এরকম প্রশ্ন তোলাও দেশবিরোধী মনোভাব। ঠিক এই চাপানউতোরের আবহে শনিবার মোদি স্পষ্ট করে দিলেন যে, এখন শুধু সময়ের অপেক্ষা। ভারতের সামরিক বাহিনি শীঘ্রই কোনও বড়সড় অভিযান করবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ