লখনউ, ৭ অক্টোবর: উত্তরপ্রদেশের অযোধ্যায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। ৩ টেনিস খেলোয়াড়ের মৃত্যুর খবর সামনে আসার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন খেলোয়াড়। পুলিশ সূত্রে খবর, একটি চারচাকা গাড়ি উত্তরপ্রদেশের লখনউ থেকে দেওরিয়ার দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। সেই গাড়িতেই ছিলেন ওই ৬ টেনিস খেলোয়াড়।
পুলিশ সূত্রের খবর, বুধবার ভোরে প্রতি ঘণ্টায় ১০০ কিমি গতিবেগে ছুটে চলা গাড়িটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়ির দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন। এরপরেই তাঁদের ৬ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়। বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের নাম ইরফান আনসারি (২০), নিত্য প্রজাপতি (২২) এবং অনিকেত (২৪)। এছাড়াও সূত্রের খবর, তাঁরা প্রত্যেকেই দেওরিয়ার বাসিন্দা। আহতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা।
বীরভূমের জয়ন্ত সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন,‘আমরা ঘুমিয়ে ছিলাম। গাড়ির ধাক্কায় আমাদের ঘুম ভাঙে। তাকিয়ে দেখি, গাড়িটি ট্রাকে ধাক্কা মেরেছে। আমাদের সঙ্গীদের সারা শরীর রক্তে ভেজা ছিল। পথচারীরা দরজা ভেঙে এরপরে আমাদের উদ্ধার করেন।’