সম্পর্কে ইতি টানতেই ভয়াবহ কাণ্ড! প্রেমিকের গুলিতে গুরতর জখম প্রেমিকা ও তাঁর দিদি, গ্রেপ্তার ১
  • ৬ নভেম্বর, ২০২৬ ১১:৩৯
Prefer us on Google

মুম্বই, ৬ নভেম্বর: সম্পর্কে ইতি টানতেই ভয়াবহ পরিণতি! প্রেমিকার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে বন্দুক হাতে হামলা চালাল এক যুবক। এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হলেন প্রেমিকা ও তাঁর দিদি। বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের কোপারখাইরানে এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার এক সহযোগী এখনও পলাতক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অর্জুন চবন। বয়স ২২ বছর। ২০ বছরের ওই তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন তরুণী। অভিযোগ, এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি অর্জুন। বৃহস্পতিবার রাতে কোপারখাইরানে এলাকায় নিজের এক সহযোগী রাকেশ চবনকে সঙ্গে নিয়ে তরুণী ও তাঁর ২২ বছরের দিদির উপর হামলা চালায় সে। দু'জনকে লক্ষ্য করে পরপর দু'রাউন্ড গুলি চালায় অভিযুক্ত। গুলির আঘাতে তরুণীর কানের কাছে গুরুতর ক্ষত তৈরি হয়। অন্যদিকে, তাঁর দিদির পিঠে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত অর্জুনকে আটক করা হয়। তবে তার সহযোগী রাকেশ এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে এমন ভয়াবহ হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।