চেন্নাই, ৬ নভেম্বর: দীপাবলির আগে উৎসবের মরশুমে ব্যবসা বাড়ার আশায় ছিলেন পোলট্রি ব্যবসায়ীরা। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে দিল মুরগির অজানা রোগ। একের পর এক মুরগির মৃত্যুতে চরম সংকটে পড়েছেন তামিলনাড়ুর পোলট্রি ব্যবসায়ীরা। গত ছ’দিনে রাজ্যের কুড্ডালোর জেলার একাধিক গ্রামে প্রায় ৫০ হাজার মুরগির মৃত্যু হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। যদিও জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, মৃত মুরগির সংখ্যা প্রায় ২৬ হাজার।
ওই জেলার এক পোলট্রি ব্যবসায়ী মোহন জানান, গত এক সপ্তাহে তাঁর খামারের প্রায় ৭ হাজার মুরগির মৃত্যু হয়েছে। একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আরও বেশ কয়েকজন ব্যবসায়ী। কোনো অজানা রোগের প্রকোপে কয়েক দিনের মধ্যেই বিপুল সংখ্যক মুরগি মারা গিয়েছে। ফলে কয়েক লক্ষ টাকার লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। মোহন জানায়, ৫০ কেজির এক বস্তা মুরগির খাবার কিনতে খরচ হয় প্রায় ২,৫০০ থেকে ২,৬০০ টাকা। এর পাশাপাশি বিদ্যুতের বিল বাবদ প্রতি মাসে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা খরচ হয়। সব মিলিয়ে পোলট্রি ফার্ম চালাতে বিপুল বিনিয়োগ করতে হয় তাঁদের। তাঁর দাবি আক্রান্ত ফার্মগুলিতে সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার বিনিয়োগ নষ্ট হয়ে গিয়েছে।
এদিকে জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনও প্রমাণ মেলেনি। তবে মুরগির মৃত্যুর প্রকৃত কারণ এখনও চিহ্নিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আরও নমুনা ভোপালের একটি পরীক্ষাগারে পাঠিয়েছে তামিলনাড়ু সরকার। ব্যবসায়ীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে সরকারি আধিকারিক এবং পশু চিকিৎসকদের কাছে বারবার আবেদন জানিয়েও এখনও কোনও তাৎক্ষণিক সমাধান মেলেনি। তাঁদের আপাতত অপেক্ষা করতে বলা হচ্ছে পরীক্ষার রিপোর্টের জন্য। কিন্তু ততক্ষণে প্রতিদিন বাড়ছে ক্ষতির পরিমাণ।



