গুয়াহাটি, ৬ নভেম্বর: সকাল তখন প্রায় ৯টা। প্রতিদিনের মতোই চলছিল রক্ষণাবেক্ষণের কাজ। কিন্তু মুহূর্তের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। আচমকাই বিস্ফোরণ, তার পরেই ভয়াবহ অগ্নিকাণ্ড। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অসমের ডিব্রুগড় জেলার তেঙাখাটে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে শুক্রবার ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত ছয়জন।
অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল প্রায় ৯টা ৫ মিনিট নাগাদ ট্যাঙ্ক ফার্মে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান, একটি ভালভ রক্ষণাবেক্ষণ চলার সময় বিস্ফোরণ ঘটে। ট্যাঙ্ক ফার্মের অপরিশোধিত তেল সংরক্ষণকারী অংশে বিস্ফোরণের কারণে আগুন আরো ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকি ছয়জনের শরীরেও গুরুতর অগ্নিদগ্ধের চিহ্ন রয়েছে। তাঁদের দ্রুত ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অয়েল ইন্ডিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ডিব্রুগড়ের মিলন নগরের বাসিন্দা ৪০ বছর বয়সি তাপস গগৈ। এছাড়াও তেঙাখাটের বাসিন্দা শৈলেন গগৈ (৪৫), কুমুদ গগৈ (৩৮), গোলাপ দত্ত (৫৮) এবং ইন্দ্র গগৈ (৪০)-এর নাম জানা গিয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরণের পরিস্থিতি নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অয়েল ইন্ডিয়ার দমকল বাহিনী। সংস্থার দাবি, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ।



