সংবাদদাতা, কাকদ্বীপ: এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ছয় নম্বর সমুদ্র সৈকতের কাছাকাছি পুণ্যার্থীদের থাকার জন্য টেন্ট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই টেন্ট বানানোর জন্য ওই এলাকায় থাকা মৎস্যজীবীদের অস্থায়ী ছাউনিগুলি ভাঙা পড়তে পারে। বিষয়টি জানার পরই চিন্তিত ওই এলাকার শতাধিক মৎস্যজীবী। তাঁদের দাবি, ছাউনিগুলি ভাঙা পড়লে জীবিকা হারিয়ে তাঁরা কর্মহীন হয়ে পড়বেন।
জানা গিয়েছে, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ওই এলাকায় মৎস্যজীবীদের খুঁটি (যেখানে মাছ শুকনো করা হয়) রয়েছে। শতাধিক মৎস্যজীবী সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে ওখানে শুকনো করে বিক্রি করেন। মূলত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি– এই চার মাস তাঁদের মরশুমের প্রধান সময়। কিন্তু গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এখন তাঁদের তুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো মৎস্যজীবীর জীবিকায় আঘাত করা হবে না।
এ বিষয়ে এক মৎস্যজীবী টুম্পা মন্ডল বলেন, প্রায় একমাস আগে থেকে ব্যবসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ব্যবসা করার জন্য বিভিন্ন গ্রুপ থেকে টাকা পর্যন্ত ঋণ নেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে এখন বলা হচ্ছে, ওই জায়গা থেকে সরে যেতে হবে। এই পরিস্থিতিতে সব মৎস্যজীবীরা দিশাহারা হয়ে পড়েছি। এখন ব্যবসা করতে না দিলে ঋণের দায়ে এখানকার মৎস্যজীবীরা জর্জরিত হয়ে পড়বেন। বিষয়টি সহানুভূতি ও মানবিকতার সঙ্গে দেখা উচিত প্রশাসনের।
এনিয়ে কাকদ্বীপ মহকুমা অফিসের এক অফিসার বলেন, কোনো মৎস্যজীবীর জীবিকায় আঘাত করা হবে না। যদি মেলার জন্য ওই জায়গা নেওয়া হয়, তাহলে তাঁদের ব্যবসার জন্য নতুন জায়গা দেওয়া হবে। ইতিমধ্যেই সেই জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে উপযুক্ত পরিকাঠামো তৈরি করে ওই মৎস্যজীবীদের স্থানান্তর করা হবে। -নিজস্ব চিত্র



