নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্বাধীনতা দিবসের দিন হাওড়ার শালিমার এলাকায় একটি বাইক ধাক্কা দেয় তিন বছরের এক শিশুকন্যাকে। তার জেরে শনিবার ভোরে শিশুটির মৃত্যু হয় বেসরকারি এক হাসপাতালে। এরপর এদিন বিকেলে মল্লিক ফটক মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের লোকজন। বাইকচালককে গ্রেপ্তারির দাবি তোলেন তাঁরা। পরিস্থিতি সামলাতে ছুটে যায় হাওড়া সিটি পুলিসের বিশাল বাহিনী। পরে পুলিসের আশ্বাসে বিক্ষোভ ওঠে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শালিমারের বালুঘাট এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মহম্মদ মমতাজের তিন বছরের শিশুকন্যা সাকিনা খাতুন শুক্রবার সকালে বাড়ির পাশেই ক্লাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাচ্ছিল। আচমকা বেপরোয়া গতিতে একটি বাইক এসে শিশুটিকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে আন্দুল রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বাইকচালক অমরজিৎ মাহাতকে বাইক সমেত ধরে ফেলেন। খবর পেয়ে এজেসি বোস বি গার্ডেন থানার পুলিস এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁকে আদালতে তোলা হলে জামিনে ছাড়া পেয়ে যান তিনি।
এদিকে, এদিন ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই শিশুকন্যার। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপরেই সকাল থেকে শালিমার বালুঘাট এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে দফায় দফায় পথ অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, পুলিসি নিষ্ক্রিয়তার কারণেই অভিযুক্ত ছাড়া পেয়ে গিয়েছেন। প্রথমে সকালে শালিমারে বেশ কিছুক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ সরাতে পুলিসকে মৃদু বলপ্রয়োগ করতে হয়। এরপর এদিন বিকেলে হাওড়া মর্গের সামনে গিয়ে ফের বিক্ষোভ শুরু করেন বালুঘাটের বাসিন্দারা। বিক্ষোভের জেরে মল্লিক ফটক মোড়ে তীব্র যানজট তৈরি হয়। হাওড়া
সিটি পুলিসের বিশাল বাহিনী ও র্যাফ গিয়ে পরিস্থিতি সামলায়। সিটি পুলিসের এক কর্তা বলেন,
দুর্ঘটনায় জখম শিশুটির মৃত্যু হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা তদন্ত চালাচ্ছি।