Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লিলুয়ায় বিজেপির রোড শো ঘিরে উত্তেজনা, তৃণমূল কর্মীদের মারধর কেন্দ্রীয় বাহিনীর

উত্তর হাওড়ার লিলুয়ার বামনগাছি বি রোডে রবিবার বিজেপির রোড শো ঘিরে তৈরি হয় উত্তেজনা। বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে আয়োজিত ওই রোড শো-তে উপস্থিত ছিলেন সাংসদ তথা ভোজপুরি অভিনেতা রবি কিষান।

লিলুয়ায় বিজেপির রোড শো ঘিরে উত্তেজনা,  তৃণমূল কর্মীদের মারধর কেন্দ্রীয় বাহিনীর
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: উত্তর হাওড়ার লিলুয়ার বামনগাছি বি রোডে রবিবার বিজেপির রোড শো ঘিরে তৈরি হয় উত্তেজনা। বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে আয়োজিত ওই রোড শো-তে উপস্থিত ছিলেন সাংসদ তথা ভোজপুরি অভিনেতা রবি কিষান। হুডখোলা গাড়ি সমেত বিজেপির মিছিল তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে পৌঁছতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজেপির প্ররোচনায় তৃণমূল কর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে।

Advertisement

তৃণমূলের অভিযোগ, ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে বিজেপি কর্মীরা সরাসরি তাদের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনি কার্যালয়ে ঢুকে পড়েন। ভাঙচুরের পাশাপাশি তারা আমাদের কর্মীদের উপর হামলা চালান। তৃণমূলের দাবি, আচমকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কার্যালয়ে ঢুকে পড়েন। কোনো প্ররোচনা ছাড়াই তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের পাশাপাশি বেধড়ক মারধর শুরু করেন। গালিগালাজ করতে করতেই নির্বিচারে প্রহার করা হয় কর্মীদের। ঘটনায় একাধিক কর্মী আহত হন। তাঁদের মধ্যে একজনের মাথায় গুরুতর চোট লাগে। স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিং বলেন, দলীয় অফিসে ঢুকে যেভাবে কেন্দ্রীয় বাহিনী মারধর চালিয়েছে, তা নজিরবিহীন। বিজেপির মদতেই পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে। 
বিজেপি অবশ্য সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরেছে। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ রোড শো চলাকালীন তৃণমূল কর্মীরাই প্রথমে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে হামলা চালায়। বিজেপি প্রার্থী উমেশ রাই দাবি করেন, আমাদের মিছিলেই আক্রমণ করা হয়েছে। কর্মীদের মারধর করা হয়েছে। আমরা এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব।
অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর দাবি, পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় ঘটনাস্থলে থাকা বাহিনীর জওয়ানরা হস্তক্ষেপ করেন এবং হাতাহাতি থামানোর চেষ্টা করেন। পরে লিলুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে দু’জনকে আটক করা হয়েছে। তবে পুরো ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ