Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ার পুরসভার বোর্ড গঠন ঘিরে টানাপোড়েন, বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ

আলিপুরদুয়ার পুরসভার বোর্ড গঠন ইস্যুতে ডামাডোল শুরু হয়েছে। আদালত পুরসভার প্রশাসক নিয়োগ বাতিল করে দিয়েছে।

আলিপুরদুয়ার পুরসভার বোর্ড গঠন ঘিরে টানাপোড়েন, বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পুরসভার বোর্ড গঠন ইস্যুতে ডামাডোল শুরু হয়েছে। আদালত পুরসভার প্রশাসক নিয়োগ বাতিল করে দিয়েছে। কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলারদের অভিযোগ, তারপরেও নতুন করে বোর্ড গঠনে বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বোর্ড গঠনের প্রক্রিয়া রুখতে বিজেপির হুমকি ফোনের শিকার হতে হচ্ছে তাঁদের। যদিও বিজেপি এই অভিযোগ নস্যাৎ করেছে। পালটা অভিযোগ করে তাদের দাবি, আলিপুরদুয়ার পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে, তারজন্য জনরোষ তৈরি হয়েছে। 

Advertisement

উল্লেখ্য, আলিপুরদুয়ার পুরসভার নির্বাচিত তৃণমূল বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানো হয়েছিল। পরে পুরসভার তিনজন কাউন্সিলার প্রশাসক বসানোর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। সম্প্রতি আদালত আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক নিয়োগ বাতিল করে দেয়। তারপরেই নতুন করে পুরবোর্ড তৈরির জন্য তৎপরতা শুরু হয় তৃণমূল কাউন্সিলাদের একাংশের মধ্যে। বোর্ড গঠনের জন্য পুরসভার এগজিকিউটিভ অফিসারকে চিঠিও দেওয়া হয়। কিন্তু, প্রশাসন জানিয়ে দেয় বোর্ড গঠনের সময়সীমা পেরিয়ে গিয়েছে। 
২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথ বলেন, আদালত প্রশাসক নিয়োগ বাতিল করে দেওয়ায় এখনও বোর্ড গঠনের সুযোগ রয়েছে। কিন্তু, বিজেপির অঙ্গুলিহেলনে তা করতে দেওয়া হচ্ছে না। আমরা বোর্ড গঠনের জন্য আবার হাইকোর্টে রিট পিটিশনের দাবি জানাতে যাচ্ছি। 
৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সলার মৌসুমি বিশ্বাস বাগচি বলেন, বোর্ড গঠনের দাবি তোলায় আমাদের কাউন্সিলাররা অনেকেই হুমকি ফোন পাচ্ছেন। ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সলার অরূপা রায় বলেন, বোর্ড গঠনে যাতে সক্রিয়তা না দেখাই তারজন্য বিজেপির লোকজন আমাকেও ফোনে হুমকি দিচ্ছে। 
যদিও এলাকার বিজেপি বিধায়ক পরিতোষ দাস বলেন, আমাদের দলের লোকজন তৃণমূল কাউন্সিলারদের কাউকে হুমকি দিচ্ছে না। আসলে এই পুরসভায় বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। তারজন্য তৃণমূল কাউন্সিলারদের ওপর জনরোষ তৈরি হয়েছে। সেই কারণে মানুষ চেয়েছিল পুরসভায় প্রশাসক বসানো হোক। তারজন্যই প্রশাসক বসানো হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ