Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬

মণিপুরে তল্লাশি অভিযান ঘিরে উত্তেজনা অসম রাইফেলসের ক্যাম্পে ভাঙচুর

মণিপুরে অসম রাইফেলসের ক্যাম্পে দুষ্কৃতীদের ভাঙচুর। নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা। বিস্তারিত পড়ুন।

মণিপুরে তল্লাশি অভিযান ঘিরে উত্তেজনা অসম রাইফেলসের ক্যাম্পে ভাঙচুর
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল : হিংসাবিধ্বস্ত মণিপুরে ফের আক্রান্ত নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাত ৯টা নাগাদ সেনাপতি শহরে একদল দুষ্কৃতী অসম রাইফেলসের একটি ক্যাম্পে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এই ঘটনায় বাহিনীর অন্তত চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার প্রতিরক্ষা মুখপাত্র একথা জানিয়েছেন। ওকলংয়ে এনএসসিএন (আই-এম)-য়ের এক শিবির সংলগ্ন মাকুইলংদি এলাকায় সশস্ত্র জঙ্গিদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় বাহিনী। এর জেরেই উত্তেজনা ছ঩ড়িয়ে পড়ে এবং ক্যাম্পে হামলার ঘটনা ঘটে। 

Advertisement

ওই মুখপাত্র আরও জানান, এনএসসিএন (আই-এম) ক্যাম্পের বাইরে অস্ত্র হাতে ও ইউনিফর্ম পরে সশস্ত্র ক্যাডারদের দাপট সাসপেনশন অব অপারেশন্স বা সংঘর্ষবিরতি লঙ্ঘন। এরপরই বাহিনী এলাকায় অভিযান চালায়। উল্লেখ্য, সেনাপতি সংলগ্ন উখরুল জেলা এনএসসিএন (আই-এম)য়ের  ঘাঁটি হিসেবে পরিচিত। সংগঠনটি ১৯৯৭ সাল থেকে কেন্দ্র সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তির আওতায় রয়েছে। অভিযানের পথে মাকুইলংদি ও ওকলং গ্রামের পথে স্থানীয়রা বাহিনীর পথ আটকায়। সামনের সারিতে ছিল মহিলারা। বাহিনীর আশ্বাস সত্ত্বেও অবরোধ চালিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাত ৯টা নাগাদ সেনাপতি শহরে বিপুল সংখ্যায় মানুষ সমবেত হয়ে জেলার নাগা তাফৌ এলাকার অসম রাইফেলসের ক্যাম্পের দিকে যাচ্ছিল। বাহিনী তাদের বাধা দেয়। এরপরই রাত সাড়ে নটায় একদল উচ্ছৃঙ্খল জনতা অসম রাইফেলসের ক্যাম্পে পৌঁছে পাথর ছুড়তে শুরু করে এবং ভাঙচুর চালায়। পুলিশ ও সিআরপিএফ হামলাকারীদের ছত্রভঙ্গ করে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সেনাপতির পরিস্থিতি নিয়ন্ত্রণে। হতাহতের কোনো খবর নেই। 
 উল্লেখ্য, গত ৬ জুলাই উখরুল জেলায় অসম রাইফেলসের একটি কনভয়ে জঙ্গিরা  অতর্কিত হামলা চালায়। এই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার ৩ জনকে আটক করেছে পুলিশ। নাগাল্যান্ডের চুমুকেডিমা জেলায় বাহিনীর উপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টা পরেও কেউ গ্রেপ্তার হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ