Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলিতে কালীপুজোর বিসর্জনে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রেপ্তার ৮

হুগলিতে কালীপুজোর বিসর্জনে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রেপ্তার ৮
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, তারকেশ্বর: কালীপুজোর বিসর্জনে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠল হুগলির দুই এলাকা। বুধবার রাতে ডানকুনির মনবেড় ও জাঙ্গিপাড়ার দিলাকাশ এলাকায় জোড়া অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। প্রশাসন সূত্রের খবর, ডানকুনি থানার মনবেড় এলাকায় কালীপুজোর বিসর্জন উপলক্ষ্যে ডিজে বক্স বাজানো হচ্ছিল। তাতে স্থানীয়রা আপত্তি জানান। উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। তখন পুলিসের সঙ্গে বচসা বাধে পুজো উদ্যোক্তাদের। পথ অবরোধ করে পুলিসকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। তাতে চারজন পুলিস জখম হন। তাঁদের মধ্যে একজন মহিলা কনস্টেবল মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেপ্তার করেছে ডানকুনি থানার পুলিস। ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। ডানকুনি থানার পুলিস জানিয়েছে, পর্যাপ্ত আইনি পদক্ষেপ করা হয়েছে। 

Advertisement

অন্যদিকে, জাঙ্গিপাড়া থানার দিলাকাশ এলাকায় উচ্চস্বরে ডিজে সাউন্ড বক্স বাজানোর অভিযোগ পায় পুলিস। পুলিস সাউন্ড বক্স ও অন্যান্য সরঞ্জাম সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম শুভঙ্কর ঘোরে ও দেবজিৎ ঘোষ। দু’জনের বাড়ি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত আঁটপুর এলাকায়। ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, একইভাবে পাণ্ডুয়ায় ভাসানকে কেন্দ্র করে পুলিসের সঙ্গে সংঘাত হয়েছিল। বারংবার একই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করে। হুগলির বাজি ও ডিজে বিরোধী মঞ্চের কর্তা গৌতম সরকার বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে পুজো সম্পর্কিত অনুষ্ঠানে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে সমস্যা তৈরি হচ্ছে। নাগরিকমহল থেকেও এবার আওয়াজ ওঠা উচিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ