নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কয়েকদিন হল সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। শুক্রবার ঘর থেকে উদ্ধার হল প্রেমিক যুবকের ঝুলন্ত দেহ। শিবপুরের বাসিন্দা ওই যুবকের নাম রাজা ঢালি (২১)। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। রবিবার বিকেলে মৃতের পরিবারের সদস্যরা ওই কিশোরীর বাড়িতে চড়াও হন। যদিও সেই সময় তাঁরা কেউই বাড়িতে ছিলেন না। শিবপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি সামলায়। কিশোরীর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
শিবপুরের গোলাম হোসেন সর্দার লেনের বাসিন্দা রাজা স্থানীয় বাজারে একটি দোকানে কাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দেড় বছর ধরে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। অভিযোগ, সম্পর্কে টানাপোড়েন শুরু হলে প্রায়ই রাজাকে ব্ল্যাকমেল করত ওই কিশোরী। শুক্রবার বিকেলে বাড়ির কাছেই একটি মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন রাজা। সেই সময় ওই বান্ধবী তাঁকে ফোন করে ডাকে। দু’জনের মধ্যে একপ্রস্থ কথা হওয়ার পর বাড়ি ফিরে আসেন রাজা। ঘরে তখন ঠাকুমা ও বোন ছিলেন। ঠাকুমাকে দোকান থেকে তেলেভাজা আনতে পাঠান রাজা। আর বোনকে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেন। আত্মঘাতী হওয়ার আগে ফেসবুকে আবেগঘন একটি পোস্টও করেন তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, রাজার মৃত্যুর খবর জানাজানি হতেই কিশোরীর পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। রবিবার বিকেলে মৃতের পরিবার কিশোরীর ফাঁকা বাড়ির সামনে গিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিস গিয়ে তাঁদের শান্ত করে। মৃত যুবকের দিদি জবা হাজরা বলেন, ‘মেয়েটি মোটেই সুবিধার ছিল না। ভাইকে নানাভাবে ব্ল্যাকমেল করত। ওর জন্যই ভাইকে মরতে হল’। হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক বলেন, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।