Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফাঁড়িতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা,পথ অবরোধ

সাতগাছিয়া বিধানসভার বাখরাহাট ফাঁড়িতে এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ উঠেছে, পুলিশ ওই ব্যক্তিকে চড় থাপ্পড় মেরেছে।

ফাঁড়িতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা,পথ অবরোধ
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সাতগাছিয়া বিধানসভার বাখরাহাট ফাঁড়িতে এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ উঠেছে, পুলিশ ওই ব্যক্তিকে চড় থাপ্পড় মেরেছে। তার জেরে অসুস্থ হয়েই মৃত্যু। আবার আরেকটি সূত্র বলছে, ফাঁড়িতে আনার পর অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয়েছে। এই নিয়ে পুলিশ মুখে কুলুপ এঁটেছে। ঘটনাটি জানতে পেরে বিকাল থেকে বাখরাহাট মোড় অবরোধ করেছেন মৃতের গ্রামের লোকজন। রাত পর্যন্ত চলে এই কর্মসূচি। জানা গিয়েছে, মৃতের নাম পালান রায় (৪২)। তিনি জয়চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

মৃতের প্রতিবেশী তরুণ কর বলেন, সোমবার দুপুরে স্থানীয় এক বিজেপি নেতাকে ওই যুবক নিজের বাড়ির সামনের রাস্তা তৈরির ব্যাপারে জানতে চাইলে দু’জনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। ওই নেতা বঁটি নিয়ে মারতে আসলে পালান তখন বিজয়কে ঘুসি মারে বলে অভিযোগ। এই নিয়ে সেই নেতা ফাঁড়িতে অভিযোগ করেন। তার ভিত্তিতে এক সিভিক ভলান্টিয়ার ওই যুবককে ফাঁড়িতে তুলে নিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই পালানের মৃত্যু হয়। এই খবর গ্রামে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। দলে দলে লোকজন ভিড় করেন ফাঁড়ির সামনে। শুরু হয় অবরোধ। যার ফলে সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করা হলেও লাভ হয়নি। মৃতের প্রতিবেশী অভিজিৎ মালের দাবি, পালানের বুকে পেস মেকার বসানো আছে। থানায় আনার সময় বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও পুলিশ শোনেনি। এদিকে ফাঁড়ির ভিতরে ঠিক কী হয়েছে সেই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি জানিয়েছেন মৃতের গ্রামের লোকজন। তাঁকে মারধর বা কোনো রকম শারীরিক অত্যাচার করা হয়েছে কি না সেটা জানতে চাইছেন বিক্ষোভকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ