বেঙ্গালুরু: একমাস ধরে চলেছে রাঘবেন্দ্র স্বামীর জন্মবার্ষিকী উদ্যাপন। আর সেই উপলক্ষ্যে ভক্তদের দানে উপচে পড়ল মন্দিরের প্রণামী বাক্স। টাকা গুনতে গুনতে রীতিমতো হিমশিম পুরোহিতরা। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে কর্ণাটকের রায়চূড়ে রাঘবেন্দ্র স্বামী মঠে। গত ৩০ দিনে মন্দিরে জমা পড়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার ৬২১ টাকার নগদ প্রণামী, ৩২ গ্রাম সোনা ও এক কেজি ২৪০ গ্রাম রুপোর গহনা।
মঠের পুরোহিতদের টাকা গোনার একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, অন্তত ১০০ জন পুরোহিত টাকা গুনছেন। তাঁদের পাহারা দিচ্ছেন পুলিসকর্মীরা। ষোড়শ শতকের সন্ত ছিলেন রাঘবেন্দ্র স্বামী। দক্ষিণ ভারতে পুণ্যার্থী, বিশেষ করে দ্বৈতবাদে বিশ্বাসীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল রাঘবেন্দ্র স্বামী মঠ। শুধুমাত্র স্বামীর জন্মতিথি উপলক্ষ্যে নয়, প্রতি বছর মঠে ভক্তদের ভিড় লেগেই থাকে। গত বছর ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি এসেছিলেন। সঙ্গে ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী তথা রাজ্যসভার সদস্য সুধা মূর্তি। মঠের আরতিতে অংশ নিয়েছিলেন তাঁরা। এমন হাজারও ভক্তের দানেই ভরে ওঠে মন্দিরের প্রণামী বাক্সগুলি।