নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দীঘায় চলছে জগন্নাথ মন্দির উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি। শুভ মুহূর্তের অপেক্ষা শুরু। শুরু হয়েছে প্রারম্ভিক ক্রিয়াকর্ম। মানুষের আগ্রহের কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবস্থা করেছে প্রশাসনও।
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দীঘায় চলছে জগন্নাথ মন্দির উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি। শুভ মুহূর্তের অপেক্ষা শুরু। শুরু হয়েছে প্রারম্ভিক ক্রিয়াকর্ম। মানুষের আগ্রহের কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবস্থা করেছে প্রশাসনও।
বিধাননগর পুরসভা ও বিধাননগর মহকুমা প্রশাসনের উদ্যোগে বাগুইআটি ৪৪ নম্বর বাসস্ট্যান্ডে মঙ্গলবার দীঘার জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞের সম্প্রচার করা হয়েছে। আজ দেখানো হবে মন্দিরের উদ্বোধন।
দীঘায় আয়োজিত মহাযজ্ঞ লাইভ দেখানো হয়েছে হুগলিতে। প্রশাসনের উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্রভবনে বড় পর্দায় ওই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। জেলাশাসক মুক্তা আর্য, মন্ত্রী বেচারাম মান্না, একদল বিধায়ক সহ জনপ্রতিনিধিরা এবং প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হাওড়া পুরসভার তরফে পুর ভবনের বাইরে জায়ান্ট স্ক্রিনে জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞ ও উদ্বোধন লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। উলুবেড়িয়া ১ নং ব্লক প্রশাসনের উদ্যোগে কুলগাছিয়ার চণ্ডীপুরে এলসিডি স্ক্রিনের মাধ্যমে এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। উলুবেড়িয়া পুরসভার উদ্যেগে কালীবাড়ি প্রাঙ্গণে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হচ্ছে। দীঘায় মন্দির উদ্বোধন উপলক্ষ্যে তারকেশ্বর মন্দিরে পুজো দেন বিধায়ক রামেন্দু সিংহরায়।
বারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি পুরসভায় এলইডি বসিয়ে দেখানো হয়েছে দীঘার জগন্নাথ ধামের মহাযজ্ঞ। বারাকপুরের জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো দেওয়া হয়। কাঁচরাপাড়ায় সন্তোষ মন্দিরে হয়েছে বিশেষ যজ্ঞ। পানিহাটি পুরসভার সামনে জায়ান্ট স্ক্রিনে জগন্নাথ মন্দিরের পুজোপাঠের সরাসরি সম্প্রচার দেখানো হয়। একইভাবে কামারহাটি রথতলা, টবিন রোড, দক্ষিণ দমদমের এক ও পাঁচ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছিল। আজ, বুধবার সকাল থেকে দক্ষিণ দমদমের প্রতিটি ওয়ার্ডে জায়ান্ট স্ক্রিনে মন্দির প্রতিষ্ঠা দেখানো হবে। মঙ্গলবার নাগেরবাজার, দমদম সহ বিভিন্ন শহরে শাসক দলের উদ্যোগে বাইক মিছিল করা হয়।
বনগাঁয় পুরসভার পক্ষ থেকে গোটা এলাকা হলুদ রঙের ‘জয় জগন্নাথ’ লেখা পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে যজ্ঞ। বনগাঁ পথের সাথীর সামনে যজ্ঞে অংশ নেন পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। ছিলেন একাধিক কাউন্সিলার। মন্দির উদ্বোধন উপলক্ষ্যে শোভাযাত্রা হয়েছে কল্যাণী ব্লকে। মিছিলের উদ্যোক্তা তথা কল্যাণী ব্লক তৃণমূলের সভাপতি পঙ্কজ সিং বলেন, মিছিলে প্রায় চার হাজার মানুষ অংশ নেন।
বারাসত, মধ্যমগ্রাম, হাবড়া, আমডাঙা থেকে অশোকনগরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। লাইভ সম্প্রচার হয় দীঘায় মহাযজ্ঞের কর্মসূচি। আজ দুপুর ২টোয় জেলা প্রশাসনের তরফে দীঘায় জগন্নাথধামের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখানোর ব্যবস্থা হয়েছে বারাসত রবীন্দ্র ভবনে। বারুইপুর, রায়দিঘিতে, জয়নগরে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। বারুইপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ন্ত ভদ্রের উদ্যোগে বুধবার রেল মাঠে ৫ হাজার মানুষকে খাওয়ানো হবে পোলাও, আলুরদম, পনির, বেগুনি। থাকবে গজা, খাজার স্টল। জায়ান্ট স্ক্রিন ইতিমধ্যেই বসানো হয়েছে। রায়দিঘির বাস টার্মিনাসে হবে নাম সংকীর্তন, খিচুড়ি খাওয়ানো হবে মানুষকে। জয়নগরেও জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মন্দির উদ্বোধন। বারুইপুর পূর্বের উত্তরভাগ, চম্পাহাটিতে বসানো হয়েছে জায়ান্ট স্কিন। ফুলতলা বিডিও অফিসে বসেছে এলইডি টিভি।