নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার থেকে রাজ্যজুড়ে হালকা শীত পড়েছে। এরকম পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শেষের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে তাঁরা আশা করছেন। সেইসময় এখনকার তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। তাতে আগামী সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আসতে পারে। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রির আশপাশে থাকবে। এদিন দক্ষিণবঙ্গে সবথেকে কম তাপমাত্রা ছিল খড়্গপুরে ১৪.২ ডিগ্রি। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে সবথেকে কম তাপমাত্রা ছিল কোচবিহারে (১৩.৬ ডিগ্রি)। দার্জিলিং পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪ ডিগ্রিতে নেমেছে। আবহাওয়াবিদরা বলছেন, কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটি শেষপর্যন্ত শক্তি বাড়িয়ে তামিলনাড়ু উপকূলের দিকে গেলে রাজ্যের উপর উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তাপমাত্রা কমিয়ে শীতের আমেজ বৃদ্ধির পক্ষে সহায়ক হবে। ১০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আপাতত বাতাসে জলীয় বাষ্পের প্রবেশ অনেকটাই কমেছে। কলকাতায় সর্ব নিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৬০ শতাংশে নেমে এসেছে।



