Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে রাজ্যজুড়ে তাপমাত্রা কমার আশা

মেঘলা আকাশের জন্য মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়।

আজ থেকে রাজ্যজুড়ে তাপমাত্রা কমার আশা
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেঘলা আকাশের জন্য মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। তবে আজ, বুধবার থেকে রাজ্যজুড়ে তাপমাত্রা কমবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর। আগামী চারদিনে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি। কলকাতায় এই দফায় ধাপে ধাপে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে আসতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তা ১০-১২ ডিগ্রি  হতে পারে। 

Advertisement

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘দিতাওয়ার’ অবশিষ্টাংশ মঙ্গলবারের মধ্যে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকছিল। উত্তুরে হাওয়া সক্রিয়তা হারিয়েছিল। পাশাপাশি উত্তর ভারতে একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবও ছিল। এইসব কারণে সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গের অনেক জায়গায় আকাশ কিছুটা মেঘলা হয়। পশ্চিমাঞ্চলের কোনও কোনও স্থানে খুব হালকা বৃষ্টিও হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হওয়ার জন্য উত্তুরে হাওয়া আজ থেকে সক্রিয় হবে। এর জেরে কমবে তাপমাত্রা। 
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আকাশ মেঘলা থাকলে রাতে ভূপৃষ্ঠ থেকে তাপের বিকিরণ প্রক্রিয়া বাধা পায়। তখন ভোরবেলা সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের  কয়েকটি জায়গায় সেটাই হয়েছে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াস হয়। এটা এইসময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি বেশি ছিল। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে। তারপর কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৫ ডিগ্রির আশপাশে আসতে পারে। দক্ষিণবঙ্গে এদিন সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়াসহ কয়েকটি জায়গায় (১৫ ডিগ্রি)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ