সংবাদদাতা, করিমপুর: শীতের আঁচ পড়তেই পাতার রঙ ও গুণগত মান খারাপ হওয়ায় দাম কমেছে পানের। এছাড়াও পানের চাহিদা কমে যাওয়ায় দুশ্চিন্তায় করিমপুরের চাষিরা। পান চাষিদের দাবি, এই সমস্যা নতুন নয়। গত কয়েক বছর ধরেই আবহাওয়ার পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার পান চাষ। তাঁদের মতে, কনকনে শীতে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি পর্যন্ত নেমে গেলেও পানের তেমন ক্ষতি হয় না। কিন্তু বর্তমানে দিনের বেলায় রোদের তাপ এবং রাতের ঠান্ডার তারতম্যের কারণে পানের পাতায় দাগ দেখা দিচ্ছে। পাশাপাশি পাতার স্বাভাবিক রংও নষ্ট হয়ে যাচ্ছে। করিমপুরের এক পান চাষি আনন্দ মণ্ডল বলেন, শীতের মরসুমে অতিরিক্ত কুয়াশার কারণে পানের পাতা হলুদ হয়ে যায়। কিন্তু এবার কুয়াশা শুরু হওয়ার আগেই পাতায় দাগ দেখা দিচ্ছে। তাঁর আশঙ্কা, শীতের শেষে কুয়াশা কেটে রোদ উঠলে বরজের পান একসঙ্গে বোটা থেকে ঝরে পড়বে। পানের লতাও হলুদ হয়ে পচে যেতে পারে। কয়েক বছর আগেও এমন ক্ষতির মুখে পড়তে হয়েছিল চাষিদের। শিকারপুরের পান চাষি নুর বক্স জানান, এমনিতেই এলাকায় পান চাষের অবস্থা খুব খারাপ। একসময় করিমপুরের প্রচুর পান বিহার ও উত্তরপ্রদেশের বাজারে বিক্রি হত। কিন্তু বর্তমানে বাইরে পান পাঠানো প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিক্রি কমেছে। শীতের শেষে বরজের পান একসঙ্গে বিক্রি করে চাষিরা সারা মরসুমের উপার্জনের টাকা ঘরে তোলেন। সেই সময়ের আগেই পানের ক্ষতি হলে তাঁদের আর্থিক সংকট আরও বাড়বে। জানা গিয়েছে, একসময় করিমপুর সীমান্ত এলাকার দ্বিতীয় বৃহত্তম অর্থকরী ফসল ছিল পান। প্রায় দশ বছর আগেও এলাকায় পান চাষির সংখ্যা ছিল তিন হাজারের বেশি। করিমপুর ১ ও ২ ব্লক মিলিয়ে পান চাষের জমির পরিমাণ ছিল প্রায় ১২০০ হেক্টর। কিন্তু আবহাওয়ার তারতম্য, চাষে লোকসান এবং বাজারের চাহিদা কমে যাওয়ায় ক্রমশ কমেছে পান চাষের পরিমাণ। বর্তমানে এলাকায় পাঁচ শতাধিক চাষি সম্পূর্ণভাবে এই চাষের উপর নির্ভরশীল। সপ্তাহে দু’দিন ভোরবেলায় করিমপুর রেগুলেটেড মাঠে বসে পানের হাট। কিন্তু সেখানেও আগের মতো ক্রেতাদের ভিড় নেই। পান ব্যবসায়ী স্বপন বিশ্বাস বলেন, কখনও মাটির সমস্যায় পান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কখনও আবহাওয়ার পরিবর্তনের কারণে ফলন নষ্ট হয়েছে। এভাবে চলতে থাকলে বাধ্য হয়ে আরও অনেক চাষি পান চাষ ছেড়ে দেবেন। বর্তমানে হাটে বাইরের পাইকারি ক্রেতারা আসছেন না। মুর্শিদাবাদের কয়েকজন ব্যবসায়ী এবং স্থানীয় কিছু ব্যবসায়ী এলাকার বাজারের চাহিদা মেটানোর জন্য অল্প পরিমাণ পান কিনছেন। ফলে বিক্রির পরিমাণও অনেক কমে গিয়েছে। চাষিদের একাংশের দাবি, একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে বাজারে ক্রেতার অভাব, সব মিলিয়ে আর্থিক সংকটে দিন কাটছে পান চাষিদের।



