Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৪ ডিগ্রি বেশি মালদহে, হাঁসফাঁস করছে দুই দিনাজপুরও

স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৪ ডিগ্রি বেশি মালদহে, হাঁসফাঁস করছে দুই দিনাজপুরও
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: তীব্র দাবদাহে কাহিল গৌড়বঙ্গের বাসিন্দারা। দিনের বেলায় কাজে বেরিয়ে গরম হাওয়ার দাপটে কার্যত নাস্তানাবুদ হতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে কয়েকদিন রেহাই মেলার সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বরং আগামী দু’তিনদিন আরও বাড়তে পারে তাপমাত্রা। বুধবার মালদহের তাপমাত্রা ছিল এই মরশুমের সর্বোচ্চ। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও গরমের দাপট অনুভূত হচ্ছে সমানে।

Advertisement

মালদহ জেলা আবহাওয়া দপ্তরের পদস্থ আধিকারিক তপন কুমার দাস বলেন, এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪  ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। তপনবাবু বলেন, আগামী কয়েকদিন গরমের এই দাপট অব্যাহত থাকবে। এর মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৫ শতাংশ। ফলে তীব্র অস্বস্তি রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছর এই সময়ে মালদহের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি। কিন্তু এবছর আবহাওয়ার আকস্মিক পরিবর্তন না হলে দু’একদিনের মধ্যেই তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
একই পরিস্থিতি উত্তর দিনাজপুর জেলাতেও। দাবদাহ শুরু হয়েছে রায়গঞ্জ সহ জেলার বিস্তীর্ণ অংশে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদিফাটা রোদ, গরম হাওয়ায় জেরবার এই জেলার মানুষজন। খুব প্রয়োজন ছাড়া দুপুরের দিকে মানুষজন রাস্তায় বের হননি। সিকিম আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এই জেলায় আপাতত কয়েকদিন তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও ২৬  থেকে ২৮ এপ্রিল বিক্ষিপ্ত ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ দিনাজপুরেও প্রায় একই পরিস্থিতি। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার এমনটা জানিয়েছে বালুরঘাট মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বাতাসের আর্দ্রতা প্রায় ৮২ শতাংশ। ফলে তীব্র ঘাম হচ্ছে বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে বৃদ্ধ এবং শিশুদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর বলেন,আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।  ভ্যানচালকের মাথায় ছাতা ধরেছেন সওয়ারি। সামসিতে তোলা নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ