Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভুয়ো পিৎজা ডেলিভারির ফাঁদে ফিলাডেলফিয়ায় গুলিতে ঝাঁঝরা তেলেঙ্গানার যুবক

ফিলাডেলফিয়ায় ভুয়ো পিৎজা ডেলিভারির ফাঁদে খুন হলেন ২৮ বছরের অংশুল কুঞ্চা। তদন্ত চলছে, কেন ঘটল এই হত্যাকাণ্ড? বিস্তারিত পড়ুন।

ভুয়ো পিৎজা ডেলিভারির ফাঁদে ফিলাডেলফিয়ায় গুলিতে ঝাঁঝরা তেলেঙ্গানার যুবক
  • ৭ জুন, ২০২৬ ১১:১২
Prefer us on Google

ওয়াশিংটন, ৭ জুন:  মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভুয়ো পিৎজা ডেলিভারির ফাঁদে পড়ে খুন হলেন তেলেঙ্গানার ২৮ বছর বয়সি যুবক অংশুল কুঞ্চা। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী তেলুগু সম্প্রদায়ের মধ্যে। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, অংশুল আমেরিকায় একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। অতিরিক্ত আয়ের জন্য সপ্তাহান্তে তিনি পিৎজা ডেলিভারি এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। গত শনিবার রাতে তিনি একটি পিৎজা ডেলিভারির অর্ডার পান এবং নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালে সেখানে মারাত্মক হামলার শিকার হন। যা তার প্রাণই কেড়ে নেয়। অভিযোগ, নির্জন একটি এলাকায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল একটি ভুয়ো অর্ডারের মাধ্যমে। সেখানে পৌঁছনোর পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অংশুলের মাথায় একাধিক গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, অংশুলের কাছ থেকে কোনো জিনিসপত্র লুট করা হয়নি। ফলে হত্যার উদ্দেশ্য নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। স্থানীয় তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় এলাকায় দুই মুখোশধারী ব্যক্তিকে দেখা গিয়েছিল। 

অংশুলের বোনের অভিযোগ, পরকল্পনা করেই তাঁকে খুন করা হয়েছে। তিনি বলেন, 'আমার ভাইকে একটি পরিত্যক্ত এলাকায় পিৎজা পৌঁছে দিতে বলা হয়েছিল। পরে আমরা জানতে পারি সেটি ছিল একটি ভুয়ো অর্ডার। সেখানে কেউ ছিল না। এটি ছিল একটি ফাঁদ, যার একমাত্র উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা।' 

এর আগেও অংশুল যুক্তরাষ্ট্রে একবার ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। সে সময় তাঁর মোবাইল ফোন, চেইন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হলেও প্রাণনাশের মতো কোনো ঘটনা ঘটেনি। নিউ ইয়র্কে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এই ঘটনায় ফিলাডেলফিয়া পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তদন্তকারীরা ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে খতিয়ে দেখছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ