ওয়াশিংটন, ২৩ মার্চ: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে নয়া মোড়। আগামী ৫ দিন ইরানের পাওয়ার প্ল্যান্টে কোনওরকম হামলা চালানো হবে না। ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পাশাপাশি তিনি জানিয়েছেন, গত দু’দিন ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তা ইতিবাচক দিকেও এগোচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। তেহরান-ওয়াশিংটনের আলোচনা গঠনমূলক হওয়ায় আপাতত হামলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা হয়েছে। তবে এই হামলা বন্ধের সিদ্ধান্ত একেবারেই সাময়িক। এটির স্থায়িত্ব নির্ভর করবে চলতি সপ্তাহে আলোচনার গতিপ্রকৃতি এবং অগ্রগতির উপর। তা ফলপ্রসূ না হলে বড়সড় হামলার সম্ভাবনাও রয়েছে। নেওয়া হবে কড়া পদক্ষেপ। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইরান প্রশাসনের একাংশের ধারণা, তাঁদের হুমকিতেই না কী পিছু হটছে আমেরিকা। অন্যদিকে, যুদ্ধের চতুর্থ সপ্তাহে আমেরিকার নয়া এই ঘোষণায় যুদ্ধ বন্ধের আশা দেখছেন বিশ্বের বহু দেশ। তাহলে কী সংঘর্ষ বিরতির পথেই হাঁটতে চলেছে আমেরিকা-ইজরায়েল? এই প্রশ্নের উত্তর অবশ্য সময়ই দেবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।



