নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আচমকা ক্যানাল শুকিয়ে কাঠ! ফলে শীতেও পানীয় জলের সংকট শিলিগুড়িতে। মঙ্গলবার রাসপূর্ণিমার দিন শহরে বিভিন্ন কলের সামনে লাইন দিয়েও নাগরিকরা জল পাননি। এর দায় সেচদপ্তরের কাঁধে চাপিয়েছে পুরসভা। তাদের অভিযোগ, আগাম না জানিয়ে সেচদপ্তর তিস্তা ব্যারেজের গেট সংস্কারে নামায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সেচদপ্তর অবশ্য বিষয়টি নিয়ে মন্তব্য করতে চায়নি। এনিয়ে ক্ষুব্ধ নাগরিকরা। তাঁরা পুরসভা ও সেচদপ্তরের সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই বিভিন্ন দপ্তরকে নিয়ে সমন্বয় কমিটি গড়ছে পুরসভা।
গজলডোবায় তিস্তা নদী থেকে উৎপত্তি তিস্তা-মহানন্দা লিঙ্ক ক্যানেলের। এর উপর নির্ভরশীল শিলিগুড়ির জল প্রকল্প। এদিন সকালে আচমকা ক্যানাল শুকিয়ে বালুর চর বেরিয়ে আসে। যারজেরে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ মুখ থুবরে পড়ে। সকালে কোথাও নলবাহিত পানীয় জলের কলে ৩০ মিনিটের জন্য জল আসে। কোথাও জল এলেও ফোর্স ছিল না। আবার কোথাও জলই আসেনি। এরফলের চরম ভোগান্তির শিকার হন বাসিন্দারা।
এনিয়ে ক্ষুব্ধ নাগরিকদের একাংশ বলেন, রাসপূর্ণিমা উপলক্ষ্যে অনেকের বাড়িতে পুজো হচ্ছে। পানীয় জল না আসায় বাজার থেকে জল কিনে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। তাছাড়া, শীতেও পানীয় জলের এমন অবস্থা হবে তা ভাবা যাচ্ছে না।
জল সংকটের খবর চাউর হতেই ময়দানে নামে পুরসভা। তারা বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্ক পাঠায়। সেচদপ্তরের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। পুরসভার এক আধিকারিককের অভিযোগ, সেচদপ্তর আগাম না জানিয়ে ক্যানাল শুকিয়ে ব্যারেজের লকগেট সংস্কারের কাজে হাত দেয়। এজন্যই জল সরবরাহ ব্যাহত হয়। পুর কমিশনার বন্দবাসী তেজা দীপক বলেন, পরিস্থিতি সামাল দিতে প্রায় ৩০টির মতো ট্যাঙ্ক নামানো হয়েছিল। সেচদপ্তরের সঙ্গে কথা হয়েছে। দ্রুত জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
এদিন সেচদপ্তর লিংক ক্যানাল ও তিস্তা ব্যারেজের লকগেট পরিচর্যার কাজে হাত দেয়। দিনভর সেই কাজ চলেছে। কিন্তু, পুরসভা ও প্রশাসনকে আগাম না জানিয়ে কেন ক্যানালে জল ছাড়া হয়নি? এ ব্যাপারে সেচদপ্তরের শীর্ষ আধিকারিকদের একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি। এমনকি, সেচদপ্তরের উত্তরবঙ্গের চিফ ইঞ্জিনিয়ারের মোবাইল
ফোনে এসএমএস পাঠিয়েও জবাব মেলেনি।
এমন পরিস্থিতিতে সেচদপ্তর ও পুরসভার ভূমিকা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। স্থানীয়দের বক্তব্য, পুরসভার সঙ্গে সেচদপ্তরের সমন্বয়ের অভাব দীর্ঘদিনের। এজন্য বিগত সরকারের আমলেও জলকষ্টে ভুগতে হয়েছে শহরবাসীকে। রাজ্যে পালাবদলের পরও সংশ্লিষ্ট দু’টি দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব দূর হয়নি।
পুর কমিশনার অবশ্য বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না হয় সেজন্য পুর প্রশাসনের নির্দেশে সেচ, তিস্তা ব্যারেজ, বন, পূর্ত, এশিয়ান হাইওয়ে, পুলিশ, পুরসভা সহ বিভিন্ন দপ্তরকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে। জল সরবরাহ এবং বর্তমান ও নির্মীয়মাণ জল প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করবে সংশ্লিষ্ট কমিটি। • নিজস্ব চিত্র।



