Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬

প্রিয় পোষ্যকে বাঁচিয়ে ভেসে গেল কিশোর

প্রিয় পোষ্য কুকুরকে বন্যার জলে ভেসে যেতে দেখে ঝাঁপিয়ে পড়ে কিশোর। পোষ্য ‘বরুণ’কে বাঁচাতে পারলেও তলিয়ে যায় ১৩ বছরের হৃদীপ পানিকা।

প্রিয় পোষ্যকে বাঁচিয়ে ভেসে গেল কিশোর
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: প্রিয় পোষ্য কুকুরকে বন্যার জলে ভেসে যেতে দেখে ঝাঁপিয়ে পড়ে কিশোর। পোষ্য ‘বরুণ’কে বাঁচাতে পারলেও তলিয়ে যায় ১৩ বছরের হৃদীপ পানিকা। বন্যা বিধ্বস্ত অসমের শিবসাগর জেলা এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল। বামুন পুখুরি গ্রামে হৃদীপদের বাড়ির চারপাশে তখন জল বাড়ছিল। তারই মধ্যে তিনমাসের পোষ্যকে ভেসে যেতে দেখে ওই কিশোর। সঙ্গে সঙ্গে বন্যার জলে ঝাঁপ দেয় সে। কিন্তু পোষ্যকে রক্ষা করতে পারলেও প্রবল স্রোত ঠেলে সে নিজে আর নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেনি। বহু খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার হয়। দীপক পানিকা ও  পার্বতী পানিকার একমাত্র সন্তান ছিল হৃদীপ। বন্যায় পানিকা পরিবারের বাড়িঘর, সহায়-সম্বল সবই ভেসে গিয়েছে। পানিকা দম্পতি  হারিয়েছেন তাঁদের একমাত্র সন্তানকেও। উদ্ধার হওয়া পোষ্যকে পাশে নিয়ে ছেলের নিথর দেহ জড়িয়ে বাবা-মায়ের কান্নার মর্মস্পর্শী দৃশ্যে অসমের চলতি বন্যার ভয়াবহতাই আরও একবার সামনে এল। দীপক জানান, ‘দেড় মাস বয়সে পোষ্য কুকুরটিকে বাড়িতে নিয়ে এসেছিল হৃদীপ। অত্যন্ত যত্ন করে বড় করে তুলছিল। বরুণ বেঁচে গিয়েছে। আমার ছেলেটা আর ঘরে ফিরল না’। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পানিকা দম্পতির সঙ্গে দেখা করে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমি সব ধরনের সাহায্য করতে পারি, কিন্তু আপনাদের ছেলেকে আর ফিরিয়ে তো দিতে পারব না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ