বিশেষ সংবাদদাতা, আইজল: টানা ভারী বৃষ্টিপাতের জের। শনিবার ভোরে মিজোরামের কোলাসিব জেলার ভাইরেংটে শহরে মাটি ধসে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। মৃতের নাম জোডিংলিয়ানা। ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ মিজোরাম-অসম সীমানার কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অসমের শিলচরে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দুজন ভাইরেংটের স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাধীন। ধসে দুটি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।



