প্রায় ৪ হাজার অগ্নিবীরের তথ্য বিক্রির চেষ্টা, আটক কিশোর
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রায় ৪ হাজার অগ্নিবীরের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রির চেষ্টা। এই অভিযোগে হরিয়ানার বল্লভগড় থেকে এক কিশোরকে আটক করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। প্রাথমিক তদন্তে অনুমান, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি ওয়েবসাইট হ্যাক করেছিল অভিযুক্ত। এই তথ্য কাউকে বিক্রি করা হয়েছিল কি না, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অগ্নিবীরদের সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল। ঠিক কী হয়েছিল? তদন্তকারীরা জানিয়েছেন, একটি পরীক্ষামূলক অ্যাকাউন্ট হ্যাক করেছিল ১৪ বছর বয়সি ওই কিশোর। কর্মসংস্থানে প্রাক্তন অগ্নিবীরদের নাম নথিভুক্ত করার জন্য সেটি বানানো হয়েছিল। ওয়েবসাইটে ঢুকে প্রায় ৪ হাজার অগ্নিবীরের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় অভিযুক্ত। এরপর ডার্ক ওয়েবে একটি বিজ্ঞাপন দেয় সে। স্পষ্ট জানিয়ে দেয়, ৫০০ মার্কিন ডলারের বিনিময়ে যাবতীয় তথ্য বিক্রি করা হবে। কিশোরের ডিজিটাল ডিভাইস থেকে একাধিক তথ্যপ্রমাণ উদ্ধার করেছে দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্রাটেজিক অপারেশনস ইউনিট। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অগ্নিবীরদের ডেটাবেস চেয়েছে পুলিশ। উদ্ধার করা তথ্য যাচাই করতেই এই পদক্ষেপ। জানা গিয়েছে, অভিযুক্তকে বেশ কিছুক্ষণ জেরা করেন তদন্তকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

Advertisement