Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামে ভুয়ো আধার কার্ড তৈরির কারবার, আটক কিশোর

নবগ্রামে বেআইনিভাবে আধার কার্ড তৈরির চক্র ফাঁস, আটক কিশোরের বাবার খোঁজ চলছে। পুলিশের অভিযান ও বাজেয়াপ্ত সরঞ্জামের বিস্তারিত জানুন।

নবগ্রামে ভুয়ো আধার কার্ড তৈরির কারবার, আটক কিশোর
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: নবগ্রামের প্রত্যন্ত গ্রামে বেআইনিভাবে আধার কার্ড তৈরির চক্রের পর্দাফাঁস! অন্যের আইডি ব্যবহার করে মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে আধার কার্ড বানিয়ে দেওয়া হত। রবিবার রাতে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের যৌথ অভিযানে বিষয়টি সামনে আসে। এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ এক নাবালককে আটক করেছে। ল্যাপটপ, প্রিন্টার, আই স্ক্যানার সহ আধার কার্ড তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ মনে করছে, আটক কিশোরের বাবাই এই কারবারের মাস্টারমাইন্ড।

Advertisement

নবগ্রাম থানার এক আধিকারিক বলেন, বেআইনিভাবে আধার কার্ড তৈরির ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। আধার কার্ড তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। ওই কিশোরের বাবার খোঁজ চলছে।
নবগ্রাম থানার রসুলপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ঝুলনপুর। অভিযোগ, আটক কিশোরের বাবা ওই গ্রামে নিজের বাড়িতে বেশ কয়েকমাস ধরে বেআইনিভাবে আধার কার্ড তৈরি করছিল। ওই কিশোর প্রথমদিকে বাবার সঙ্গে থেকে এই কাজে হাত পাকায়। সম্প্রতি কিছুদিন ধরে সে নিজেই আধার কার্ড তৈরি ও সংশোধন করছিল। রবিবার সূত্র মারফত নবগ্রাম থানার পুলিশ জানতে পারে, ওই গ্রামে বেআইনিভাবে আধার কার্ড তৈরি হচ্ছে। এরপরই পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ সেখানে অভিযান চালায়। ওই কিশোর ধরা পড়লেও তার বাবা অভিযানের আগেই গা-ঢাকা দেয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দক্ষিণ ২৪ পরগণার এক ব্যক্তির আইডি ব্যবহার করে আধার কার্ড তৈরি করা হত। এজন্য আটক কিশোরের বাবা একটা নির্দিষ্ট অংকের কমিশন পেত। এলাকার বাসিন্দা মোতাহার শেখ বলেন, সকাল হতেই ওই দোকানে লোকজনের আনাগোনা শুরু হত। নবগ্রামের পাশাপাশি অন্য ব্লক থেকেও লোক আসতেন। তবে এখানে যে বেআইনিভাবে আধার কার্ড তৈরি হত, সেটা আমরা জানতাম না।

Advertisement
সম্পর্কিত সংবাদ