নিজস্ব প্রতিনিধি, বরানগর: জেদাজেদি করে বাবাকে বাইক কিনে দিতে বাধ্য করেছিল কিশোর। সোমবার রাতে সেই বাইক দুর্ঘটনাই চিরকালের মতো কেড়ে নিল ওই কিশোরকে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ঘোলা থানা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরিয়ান মণ্ডল (১৭) ও রোহন আলির (১৬)। ওই বাইকের আরেক সওয়ারি মহম্মদ জসিমের অবস্থা আশঙ্কাজনক। সে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরের বাড়ি পানিহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের মহম্মদ কালাচাঁদ রোডে। আরিয়ান কয়েক মাস ধরেই বাইক কিনে দেওয়ার জন্য বাড়িতে জেদাজেদি করছিল। বাবা রূপচাঁদ মণ্ডল ও মা রেজিনা বিবি প্রথমে তাকে বাইক কিনে দিতে রাজি হননি। বলেছিলেন, আর একটু বড় হলে কিনে দেবেন। এই যুক্তি মানতে চায়নি সে। উল্টে ঘরের জানালার কাচ ভেঙে নিজের হাতের শিরা কেটেছিল। শেষমেশ ছেলের জেদের কাছে নতি স্বীকার করে পেশায় রাজমিস্ত্রি রূপচাঁদ মণ্ডল কোনওমতে কিছু টাকা জোগাড় করে কিছুদিন আগে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিয়েছিলেন। সোমবার রাতে সেই বাইকে দুই বন্ধুকে নিয়ে আরিয়ান কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি চায়ের দোকানে গিয়েছিল চা খেতে। রাতের দিকে তারা বাইকে চেপে অত্যন্ত দ্রুতগতিতে বাড়ি ফিরছিল। সেই সময় আরিয়ান নিয়ন্ত্রণ হারিয়ে মুড়াগাছার কাছে সোদপুরগামী একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। পুলিস তিনজনকে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঘোলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় কাউন্সিলার অরিন্দম বিশ্বাস বলেন, মর্মান্তিক ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বাড়ছে। ট্রাফিক পুলিসকে আরও কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।



