নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক বছর চোদ্দর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। আর তা ঘিরে সোমবার সকালে শোরগোল পড়ে গিয়েছে সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায়। এক্ষেত্রে অভিযোগের আঙুল নির্যাতিতার বান্ধবীর বাবার দিকে। অসুস্থ নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিস। ঘটনার পর থেকে সে পলাতক।
জানা গিয়েছে, কিশোরী মামার বাড়িতে থাকে। তার মা ও বাবা কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। রবিবার এলাকারই একটি নির্জন জায়গায় কিশোরীর ওপর অত্যাচার করছিল বান্ধবীর বাবা। সেই সময় গ্রামের কয়েকজন মহিলা ওই এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। নাবালিকার আর্তনাদ শুনতে পান তাঁরা। ছুটে গিয়ে তাঁরা কিশোরীকে উদ্ধার করেন। সে সময় সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। এরপর ওই কিশোরীকে নিয়ে হাসপাতালে যান এলাকার মানুষ ও পরিবারের লোকজন। হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিস। সে এলাকায় আইএসএফের লোক হিসেবে পরিচিত বলে স্থানীয়দের বক্তব্য।