সদ্য কলকাতায় পারফর্ম করতে এসেছিলেন সংগীতশিল্পী শিল্পা রাও। কলকাতা কেন তাঁর কাছে স্পেশাল? জানালেন আড্ডায়।
সদ্য কলকাতায় পারফর্ম করতে এসেছিলেন সংগীতশিল্পী শিল্পা রাও। কলকাতা কেন তাঁর কাছে স্পেশাল? জানালেন আড্ডায়।
শহরের প্রতি
কলকাতার অনতিদূরে জামশেদপুরে কেটেছে শৈশব। সংগীত শিক্ষার জন্য এসেছেন কলকাতায়। তাই এই শহরে পারফর্ম করতে আসা শিল্পা রাওয়ের কাছে বাড়তি পাওনা। ‘এখানকার মানুষ আপন করে নেন। তবে আমি বলব, খাবারের কথা। সেই টানেই আরও বেশি করে কলকাতায় আসি’, এগরোলে কামড় দিয়ে বললেন শিল্পা।
শুরুর কথা
সুরকার মিঠুনের হাত ধরে ‘তোসে নয়না’ গানের মাধ্যমে প্লেব্যাক জার্নি শুরু করেন শিল্পা। তিনি মনে করেন, গানের ক্ষেত্রে ক্লাসিক্যাল শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাঁর কথায়, ‘যে কোনো জিনিস শেখার আগে, তার ভিতটা মজবুত করা জরুরি।’
সাম্প্রতিক কাজ
হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ ছবির ‘জগ সে লাজ’ গানটি গেয়েছেন শিল্পা। তাঁর মতে, ‘প্রীতমদা, অমিতাভের সঙ্গে কাজ করলে মনে হয় পরিবারের সঙ্গে রয়েছি। তবে একটা গানের নেপথ্যে টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্দায় কৃতী, শাহিদ, রশ্মিকার এনার্জি গানটিকে জীবন্ত করে তুলেছে।’
বয়কট বিতর্ক
২০২৩ সালে ‘পাঠান’ ছবির ‘বেসরম রং’ বয়কটের দাবি ওঠে। তা কি উদ্বিগ্ন করেছিল শিল্পাকে? তাঁর জবাব, ‘মানুষ জানেন কোনটি দেখবেন, কোনটি দেখবেন না। সেটা নিয়ে ভাবা শিল্পীর দায়িত্ব নয়। আমাদের কাজ গান তৈরি করে, তাঁদের কাছে পৌঁছে দেওয়া। সেটা গ্রহণ করবেন কি না, তাঁরাই সবচেয়ে ভালো জানেন।’
জাতীয় পুরস্কার
‘জওয়ান’ ছবির ‘ছালেয়া’ গানের জন্য জাতীয় পুরস্কার পান শিল্পা। তা কি দায়িত্ব বাড়িয়েছে? শিল্পা বললেন, ‘দায়িত্ব সবসময়ই ছিল। পুরস্কার পাওয়া হোক বা ব্যর্থতা, পরের দিন কাজে ফিরতেই হবে।’
প্রযুক্তির ঘেরাটোপ
এআই দিয়ে বর্তমানে তৈরি হচ্ছে গান। তা নিয়ে সকলেরই উদ্বিগ্ন হওয়া উচিত বলে মনে করেন শিল্পা। তাঁর কথায়, ‘শিল্পের আসল শক্তি মানুষের মৌলিক সৃষ্টিশীলতায়। কোনো প্রযুক্তি তা রিপ্লেস করতে পারবে না।’
বাংলা গান
সাম্প্রতিক ‘বিবি পায়রা’ ছবির টাইটেল ট্র্যাক হোক বা ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমার ‘যেতে দাও’— বেশ কয়েকটি বাংলা গান গেয়েছেন তিনি। তাঁর কথায়, ‘সুযোগ পেলে আরও বাংলা গান করার ইচ্ছা রয়েছে।’
নিজস্ব প্রতিনিধি